অবরোধ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া মহাজোটের ডাকা অবরোধ কর্মসূচিকে দেশের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
শনিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুরা সিএনজি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘‘অবরোধ দিয়ে তারা (মহাজোট) নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের একটাই দাবি, সবকিছু গোল্লায় যাক, ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। তাই একের পর এক অবাস্তব দাবি তারা নিয়ে আসছে। ’’
তিনি আওয়ামী লীগকে আন্দোলনের পথ পরিহার করে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বলেন।
মান্নান ভূঁইয়া নিজের নির্বাচনী এলাকা নরসিংদী-৩ আসনের (শিবপুর) চকদা ইনিয়নের কুতুবেরটেক, শিবপুর বাজার, কানাহোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশরাফপুর সরকারি বিদ্যালয় মাঠ ও সোনাকুরা আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এলাকায় নির্বাচনী সভা ও পথসভায় বক্তব্য দেন।
শনিবার সকালে ঢাকা তিনি থেকে শিবপুর যান এবং টানা ৬ ঘন্টা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসব সমাবেশে তিনি জোট সরকারের ৫ বছরের শাসনামলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ধানের শীষে ভোট দেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ যখন সরকারের ছিল, তখনও দেশের জন্য কোনো কাজ করেনি, বিগত পাঁচ বছর বিরোধী দলেও থেকে একই কাজ করেছে। তাদের দিয়ে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। তিনি ১৪ দলের চলমান আন্দোলনের সমালোচনা করেন কঠোর ভাষায়।
মান্নান ভূঁইয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে তারা যে আন্দোলন করছে, তা নৈরাজ্যকর, এটা কোনো ভাবে গ্রহনযোগ্য নয়। দেশের মানুষ তাদের আন্দোলন সমর্থন করে না। তিনি ভোটার তালিকা সংশোধনের দাবি সর্ম্পকে বলেন, ভোটার তালিকা তো আওয়ামী লীগের শাসনামলে হয়েছিল। তখন ৬৫ হাজার ভূয়া ভোটার অর্ন্তভুক্ত করা হয়েছিল।
এসব সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, আবুল হারিছ রিকাবদার, আরিফুল ইসলাম মৃধা প্রমূখ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
