২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ১৫ দিন আগে সেনা মোতায়েনের দাবি হিন্দু মহাজোটের

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ নির্বাচনের ১৫ দিন আগেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

হিন্দু মহাজোট নেতারা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাজোটের চেয়ারম্যান স্বামী চিদানন্দ সরস্বতী, পৃথক নির্বাচন বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান মনোজ কুমার মন্ডল, হিন্দু ছাত্রজোটের সভাপতি পলাশ কান্তি দে, মাইনোরিটি সংগ্রাম পরিষদের সভাপতি বিশ্বনাথ চৌধুরী।

স্বামী চিদানন্দ সরস্বতী অভিযোগ করেন, স্বাধীনতার পর পাকিস্তানের আইনের আদলে ‘পরিত্যক্ত সম্পত্তি আইন’ পাশ করে হিন্দু সম্প্রদায়ের ২১ লাখ একর সম্পত্তি দখল করে নেয়া হয়। এ কারণে দেশ ছেড়েছে ২০ লাখ হিন্দু।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বর্তমানে দুটি প্রধান জোটই ইসলামী আইন বাস্তবায়নে তৎপর। এ অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদাভাবে আসন সংরক্ষণ ও নির্বাচন অনুষ্ঠান অপরিহার্য।

ইসলামী ঐক্যজোটের সঙ্গে আওয়ামী লীগের চুক্তির সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে দলটি আওয়ামী মুসলিম লীগের অবস্থায় ফিরে গেছে। এ জন্য সংখ্যালঘুরা তাদের সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করেছে।