টাঙ্গাইলে অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার, পুলিশকে গুলি
টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে শুক্রবার একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ চারটি বিদেশি রিভলবার, শতাধিক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবির দু’সদস্যকে গ্রেপ্তার করেছে।
তল্লাশির সময় জেএমবি সদস্যদের গুলিতে ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও পুলিশের সোর্স জয়নাল গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ফাহাদ (২৪) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীগঞ্জ গ্রামের কামালউদ্দিনের ছেলে সাইফুল (২৩)।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আব্দুর রব জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪৭৬) বেলা সাড়ে ১২টায় রাবনার পৌঁছলে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন এক জঙ্গি কনস্টেবল সিরাজুল ইসলামকে লক্ষ করে গুলি চালায়। পুলিশের সোর্স জয়নাল বাসে উঠলে তাকেও গুলি করা হয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট ও পুলিশের অন্য সদস্যরা বাসটি ঘিরে ফেলে। পরে আরও পুলিশ ঘটনাস্থলে এসে দুই জঙ্গিকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করে।
জেলা প্রশাসক আখতার আলী সরকার ও পুলিশ সুপার ইসমাঈল হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইসমাঈল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা মেহেরপুর থেকে অস্ত্র ও বিস্ফোরক গাজীপুরের চন্দ্রায় হাসান নামে একজনের কাছে পৌঁছে দিচ্ছিল।”
