প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে রাজশাহীতে মহাজোট প্রার্থীদের অভিযোগ
রাজশাহীর ৫টি আসনের মহাজোটের প্রার্থীরা স্থানীয় নির্বাচন অফিসসহ প্রশাসনের বিরুদ্ধে চার দলীয় জোটের পক্ষে কাজ করার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মহাজোট মনোনীত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (পবা-বোয়ালিয়া) আসনের ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসনের সরদার আমজাদ হোসেন, রাজশাহী-৪ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও রাজশাহী-৫ (চারঘাট-বাঘা) আসনের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
তারা বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই পুলিশ উদ্দেশ্যমুলকভাবে মহাজোটের নেতা-কর্মীদের হয়রানি শুরু করেছে। ৪ দলীয় জোট প্রার্থীরা অবাধে সিটি কর্পোরেশনের গাড়ি ও জনবল ব্যবহার করছেন। তাদের জন্য পুলিশি পাহারা রাখা হয়েছে।
মহাজোটের প্রার্থীরা অভিযোগ করেন, নগরীর ৩০ নং ওয়ার্ডের শিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসেই প্রায় ২ হাজার ৫০০ ভোটার হয়েছে। ওই এলাকার বাকী ২৯টি ছাত্রাবাস মিলে রয়েছে ৫ হাজার ভোটার। এ বিষয়ে আপত্তি জানানোর পরও নির্বাচন অফিস ভুয়া ভোটার বাতিল করেনি।
