১৪ দলের জোট মহাজটে পরিণত হয়েছে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, ১৪ দলের জোট মহাজোট নয়, মহাজটে পরিণত হয়েছে। এখন তারা সামনে যেতেও পারছে না, পেছাতেও পারছে না।
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে এক তৃতীয়াংশই জোটের শরিকদের কাছে বিক্রি করে দিয়েছে। তার পরও তাদের সংশয়, নির্বাচনে জিততে পারবে কিনা। তাই তারা অজুহাত খুঁজছে নির্বাচন না করার।”
বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাইনুদ্দিন ভূঁইয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৪ দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে জয় পরাজয় থাকবেই। জনগণ যে রায় দেবে তাকে মানতে হবে।”
আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “তারা দেশের সবগুলো প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতেই তাদের এই অপপ্রয়াস। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না।”
রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাইনুদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন হীরা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মাস্টার ও যুগ্ম-সম্পাদক সুলতানউদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
