রফিকুল ইসলামকে মনোনয়ন না দেওয়ায় সড়ক আবরোধ, ঘেরাও
মহাজোট চাঁদপুর-৫ আসনে ( হাজিগঞ্জ-শাহরাস্তি ) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা বুধবার চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক দু’ঘন্টা আবরোধ করে। ঘেরাও করা হয় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ও।
মহাসড়ক অবরোধ চলে বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
অবরোধ ও ঘেরাও শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তার সমর্থকরা জেলায় লাগাতার হরতাল আহ্বান করারও হুমকি দিয়েছেন।
এই নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহকে।
চাঁদপুর-৩ আসনে ( মতলব দক্ষিণ-সদরের একাংশ ) চারদলীয় জোট মনোনীত প্রার্থী বিএনপির জিএম ফজলুল হককে পরিবর্তন করার দাবিতে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ সবুর খানের কর্মী সমর্থকরা বাবুরহাট, মতলব, মহামায়া, শাহআলীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
সে সময় এসব এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
তারা সদর ও মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালও আহবান করেছে।
পরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর-৪ আসনে ( সদরের একাংশ-হাইমচর ) চারদলীয় জোটের প্রার্থী বিএনপির এস এ সুলতান টিটুর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এলাকায় ঝাড়ু মিছিল করেছে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থকরা।
তারা টিটুকে চাঁদপুরে অবাঞ্ছিতও ঘোষণা করে।
এদিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলে জেলা ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা তার বিরুদ্ধে অশালীন শ্লোগান দেয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
