নির্বাচন করবে না জাকের পার্টি
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল আসন্ন সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তবে তারা মহাঐক্যজোটে থাকবেন।
ফরিদপুর জেলার সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মঙ্গলবার রাত আটটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “১৪ দল নেত্রী শেখ হাসিনা ও কুচক্রীদের খপ্পরে পড়েছেন। ২৩ দফা দাবি আদায় তো হয়নি, এমনকি উপদেষ্টাদের প্যাকেজ প্রস্তাবও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।”
এ পরিস্থিতিতে নির্বাচনে মিডিয়া ক্যুর আশংকা করে তিনি বলেন, “শেখ হাসিনাকে নির্বাচন বর্জনের জন্য তিনি চাপ দেবেন এবং জাকের পার্টি নির্বাচন বর্জন করবে।” তবে জাকের পার্টি মহাজোট ত্যাগ করবে না বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত আড়াই বছর রাজপথে থেকেছি। কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে আমাদের সুবিচার করা হয়নি।
উল্লেখ্য মহাজোটের শরিক দল হিসেবে মঙ্গলবার জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সালের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়া এবং মিডিয়া ক্যুর আশংকা করে সংবাদ সম্মেলন ডেকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন।
