২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও হাসিনাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নরওয়ের সাংসদ

নোবেল পুরস্কার বিজয়ের মাধ্যমে বাংলাদেশের অর্জিত ভাবমূর্তি ধরে রাখতে নতুন রাজনৈতিক নেতৃত্বের পরামর্শ দিয়েছেন নরওয়ের সংসদ সদস্য সায়রা খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

নরওয়ের লেবার দলের সাংসদ সায়রা খান সম্প্রতি রাজধানী অসলোতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে এক সাক্ষাতকারে বলেন, “খালেদা জিয়া ও শেখ হাসিনার অবিলম্বে দল থেকে সরে দাঁড়ানো উচিত এবং নতুন নেতৃত্বের উত্থান হওয়া উচিত।”

নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তিনি আন্তর্জাতিক তারকা বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, “ক্ষুদ্র ঋণদানে বাংলাদেশের সাফল্য সাধারণ মানুষের টিকে থাকার সক্ষমতা প্রমাণ করেছে।”

সায়রা প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে অনাকাঙ্খিত প্রতিবন্ধকতা বলে অভিযুক্ত করে বলেন, “বাংলাদেশ তাদের অপশাসন ও দূর্নীতির লজ্জা বহন করছে, যা অগ্রহণযোগ্য।”

তিনি বলেন, “বাংলাদেশ দারিদ্রের প্রতীক ছিল, কিন্তু বর্তমানে সারা বিশ্ব তাদের সম্মান করে। রাজনীতিবিদদের এই ভাবমূর্তির ক্ষতি করা উচিত হবে না।

নরওয়ের এশিয়ান বংশোদ্ভূত প্রথম সাংসদ সায়রা খান বলেন, “বাংলাদেশের যেকোনো নাগরিক নেতৃত্ব দেওয়ার যোগ্য, কাজেই উত্তরাধিকারের রাজনীতিতে অবশ্যই ইতি টানতে হবে।”

সায়রা খান ১৯৭৯ সালের ২৩ এপ্রিল অসলোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ১৯৬৮ সালে ময়মনসিংহ থেকে নরওয়ে পাড়ি জমান। পরে তার মা ১৯৭৮ সালে ঢাকা থেকে তার বাবার সঙ্গে যোগ দেন।

তিনি ১৯৯৯ সালে মাত্র ২০ বছর বয়সে লসলো সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ২০০৫ সালে লেবার দল থেকে সাংসদ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ছয় বছর তিনি ওই দায়িত্ব পালন করেন।

২০০২ সালে তিনি অসলো লেবার দলের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং মহিলা বিষয়ক কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হন।

এর পরের দুই বছর সায়রা খান নরওয়ের শরণার্থী কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করেন। একই সময়ে তিনি ইউরোপ ও অসলো বিশ্ববিদ্যালয়ে সামাজিক অর্থনীতি, জেন্ডার এবং সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন।

২০০৫ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে সায়রা নরওয়ের সংসদের স্থানীয় সরকার ও জনপ্রশাসন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের দিন সন্ধ্যায় অসলোর গ্রান্ড হোটেলের সামনে আয়োজিত মোমবাতি মিছিলে তিনি অংশ নেন। সেখানে সমবেত জনতার সঙ্গে সঙ্গীত ও আনন্দ উৎসবেও অংশ নেন।

বাংলাদেশী বংশোদ্ভূত নরওয়ের প্রথম প্রজন্মের নেতা সায়রা খান বলেন, “আমি বাংলাদেশের জন্ম দেখিনি, কিন্তু এখন তার অভিষেক দেখতে পাচ্ছি।”

তিনি সর্বশেষ চার বছর আগে বাংলাদেশ এসেছিলেন এবং খুব শিগগিরই আবার দেশে আসতে চান।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার ড. ইউনূসের ছবিযুক্ত ডাকটিকেট ছাপিয়েছে দেখতে পারলে আমি সত্যিই খুব খুশি হব।”

বাংলাদেশে যে যোগ্য লোকের অভাব নেই, নোবেল পুরস্কারই তা আবার প্রমাণ করেছে জানিয়ে তিনি বলেন, “এখন তাদের উচিত জাতিকে নেতৃত্ব দেওয়া।”