২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ে নির্বাচন করা নিয়ে সঙ্কটে তত্ত্বাবধায়ক সরকার

সময় স্বল্পতা, পরিকল্পনাহীনতা এবং যথাযথ প্রস্তুতির অভাবে ২২ জানুয়ারি নির্বাচন করা নিয়ে সঙ্কটে পড়তে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে কিনা সেই আশঙ্কাই একারণে ক্রমশ জোরালো হচ্ছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

একাধিক উপদেষ্টা এই জটিলতাগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। বিষয়টি তিনি শুধু শুনলেও কোনো মন্তব্য করেননি।

এত সমস্যার মধ্যের নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে ? এ প্রশ্নের জবাবে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেন, “এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।”

পরিবর্তিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ জানুয়ারি। এর মধ্যে শুরু হয়ে যাবে ঈদের ছুটি। সেই হিসেবে ২১ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের প্রস্তুতির জন্য সময় থাকে মাত্র ১৭ দিন।

এর মধ্যে নির্বাচন কেন্দ্র স্থাপন, ব্যালট পেপার ছাপানো, সারা দেশে ব্যালট বাক্স ও পেপার পাঠাতে সময় লাগবে কমপক্ষে ৭ দিন।

মাত্র ১০ দিনে সরকারি প্রেসে কোনোভাবেই ৯ কোটি ৩০ লাখ ব্যালট পেপার ছাপানো সম্ভব নয় বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা।

গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান,“ ১৭ দিনে এ সংক্রান্ত কাজ শেষ করা কোন ভাবেই সম্ভব নয়। কমপক্ষে একমাস সময় প্রয়োজন।” তিনি বলেন, “আমাদের সময় এসব কাজ করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লেগেছে”।

সাবেক উপদেষ্টা বলেন,“ এবার ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের সংখ্যা বাড়বে। ব্যালট পেপার, ব্যালট বক্সের সংখ্যা বাড়বে”। বেসরকারী ছাপাখানায় ব্যালট পেপার ছাপানো সম্ভব কিনা এসংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, “আমাদের সময়ও বেসরকারী ছাপাখানায় ব্যালট পেপার ছাপা হয়েছে।”

শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বিকল্প ব্যবস্থা হিসেবে উপদেষ্টাদের কেউ কেউ বাংলাদেশ ব্যাংকের প্রেস ও কিছু বেসরকারি ছাপাখানাকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন।

কিন্তু তার জন্য দরপত্র ডাকতে হয়। যদি তা নাও করা হয়, তারপরও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হবে।

মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও ছাপাখানাগুলোতে ব্যালট পেপার ছাপানোর কাজ দেখাশুনা, নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় নিজস্ব লোকবল নির্বাচন কমিশনের আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য ‘দুর্বল নির্বাচন কমিশন’ দিয়ে তা সম্ভব হবে কি-না এই প্রশ্ন তুলেছেন।

তবে বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “সরকার অনুমতি ও প্রয়োজনীয় অর্থ দিলে আমরা সে কাজ করতে পারবো।”

নির্বাচন পেছানো হবে কি-না প্রশ্নের জবাবে, উপদেষ্টা ধীরাজ কুমান নাথ বলেন “এই মুহূর্তে তার গ্যারান্টি দিতে পারি না। তবে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কাটিয়ে সব দলের অংশ গ্রহণে যে নির্বাচন হবে সেটাই হবে গ্রহণযোগ্য। আমরা সেটাই দেখতে চাই।”

ধীরাজ কুমার নাথ আরো বলেন, “সমস্যাগুলো নিয়ে আলোচনা চলছে। আমরা আশাকরি গণতন্ত্রের স্বার্থে বড় দলগুলোর কেউ কেউ ছাড় দেবে। কারণ সব সংকট নিরসন করা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে।