২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে: খালেদা জিয়া

খালেদা জিয়া বলেছেন, ১৪ দল নির্বাচন পেছানোর জন্য খোঁড়া অজুহাত দিচ্ছে। ৯০ দিনের মধ্যে নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়ে এক দফা দাবি জানিয়ে খালেদা বলেন, ২২ জানুয়ারির মধ্যেই নির্বাচন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

২৫ মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই প্রধান উপদেষ্টার পদগ্রহণ, সেনা মোতায়েনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সরকারের কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরেন খালেদা জিয়া।

আইন-শৃঙ্খলা বিরোধী ও নির্বাচনের ভয়ে ভীত জোট হিসেবে ১৪ দলকে চিহ্নিত করে খালেদা জিয়া বলেন, “আমাদের দাবি একটাই-যথাসময়ে নির্বাচন করতে হবে।”

ছবিসহ ভোটার পরিচয়পত্র তৈরি করার জন্য ১৪ দলের দাবির অযৌক্তিকতা তুলে ধরে খালেদা জিয়া বলেন, “এই মুহূর্তে আইডি কার্ড তৈরির দাবি অযৌক্তিক এ কারণে যে, এই কার্ড তৈরি করতে তিন বছর লাগবে। তাহলে কি আমরা নির্বাচনের জন্য তিন বছর অপেক্ষা করবো?” তিনি মনে করিয়ে দেন যে, আগেরবার তার সরকারের সময়ই ছবিসহ ভোটার পরিচয়পত্র কাজ শুরু হয়েছিল। পরে আওয়ামী লীগ এসে তা বন্ধ করে দেয়।

১৪ দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করি। তারপর একসঙ্গে আইডি কার্ড তৈরির উদ্যোগ নিই।”

খালেদা বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের এবং গডফাদার প্রতিপালনের রাজনীতি। ২০০১ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তারা এই রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, একের পর এক দাবি তুলে ও তা আদায় করে ১৪ দল এখন ট্রেড ইউনিয়নের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এর আগে পল্টনে ১৪ দলের মহাসমাবেশে বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া বলেছেন, নেতায় নেতায় ঐক্য নয়, জনগণের ঐক্যই আসল। মহাসমাবেশে সব বক্তাই এরশাদের ১৪ দলে যোগদানের বিষয়ে বলেন, এতে করে চারদলের কোনো ক্ষতি হবে না।

নির্বাচনের তারিখ পেছানোর ব্যাপারে ১৪ দলের দাবিকে অযৌক্তিক বলেছেন চারদলীয় জোট নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকাল ৩ টা ৩৭ মিনিটের দিকে রাজধানীর পল্টন ময়দানে চারদলের মহাসমাবেশে এসে পৌঁছান। বিকেল চারটা ৫৭ মিনিটে তার ২৫ মিনিটের ভাষণ শুরু হয়।

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, নির্বাচন যথা সময়েই হবে। যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান।

বিজেপি চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন, “কে নির্বাচনে এলো, আর কে এলো না, তা দেখার দায়িত্ব আপনার নয়। যথা সময়ে নির্বাচন করতে না পারলে ইতিহাসে আপনার নাম কালো অক্ষরে লেখা থাকবে।

ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনী এইচ এম এরশাদের সমালোচনা করে বলেন, “ক্ষমতায় যেতে তিনি ইবলিশের সঙ্গে জোট বেঁধেছেন। কিন্তু শেখ হাসিনা কোনোদিন এ দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।”

খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, “কিছু মতলববাজ দেশের অর্থনীতি ধ্বংস করতে মহাজোট করেছেন। এতে কোনো কাজ হবে না।”

বিজেপির অপর অংশের সভাপতি ডা. এম এ মতিন আওয়ামী লীগকে ‘আদি ভোট চোর’ অবহিত করে বলেন, মহাচোর এরশাদ আর আদিচোর আজ এক মঞ্চে বসেছে। জনগণ তাদের ভোট চুরির উপযুক্ত জবাব নির্বাচনের মাধ্যমে দেবে।

বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, চার দলে গেলে চোর হয়ে যায়, আর সেই লোক যখন আওয়ামী লীগে যোগ দেয় তখন সাধু বনে যান। তিনি ১৪ দলকে জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে আসার জন্য আবারও আহবান জানান।

দুপুরের আগে থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা যোগ দেন সমাবেশে। বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে মিছিলে মৃদু হাতাহাতিও হয়।

মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, আমর্ড পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই পল্টন ময়দানে অবস্থান নেয়। পল্টন ময়দানকে ঘিরে উঁচু ভবনগুলোতে দাঁড়িয়ে বাইনোকুলার নিয়ে চারদিকে নজর রাখেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব ডগ স্কোয়াড দিয়ে সকাল সাড়ে ১০টায় পুরো মাঠ ‘সুইপিং’ করে। পল্টনে ঢোকার বিভিন্ন সংযোগ সড়কগুলোতেও জোর তল্ল¬াশির পরই ঢোকানো হয় পথচারীদের।

মূল সমাবেশ ২টায় শুরু হলেও দুুপুর ১২টা থেকে শুরু হয়েছে সমাবেশের কাজ। মূল মঞ্চের দুই পাশে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিএনপির অঙ্গসংগঠন জাসাস ও জামায়াতের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের সাইমুম সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে পল্টন ময়দানকে সরব করে তোলেন।

দুপুর ১২টায় বিএনপির সূত্রাপুর শাখার একটি মিছিল আসে স্থানীয় কমিশনার কাজী আবুল বাশারের নেতৃত্বে। এছাড়া প্রায় একই সময়ে জামায়াতের দুটি মিছিল মগবাজার থেকে ও ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল মিছিল পল্টন ময়দানে প্রবেশ করে। এরপরই আসে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিল।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সমাবেশে সাইফুর রহমান, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর, অপর অংশের সভাপতি ডা. এম এ মতিন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী প্রমুখ চার দলীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।