২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার রোধে অর্থ দেবে ইসি ও ইউএনডিপি

মানবপাচার রোধে নেওয়া পদক্ষেপ জোরদার করতে ইউরোপীয় কমিশন (ইসি) ও ইউএনডিপি বাংলাদেশকে দুই মিলিয়ন ইউরো (১৫ কোটি ২০ লাখ টাকার সমান) দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এ ব্যাপারে ইসি ও ইউএনডিপির মধ্যে সোমবার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন পুলিশ সংস্কার কর্মসূচিতে এ অর্থ কাজে লাগানো হবে।

মানবপাচার রোধে এই কর্মসূচির বাস্তবায়ন ২০০৭ থেকে ২০০৮ সালের শেষ পর্যন্ত চলবে। ঢাকায় ইসি প্রতিনিধি দলের কার্যালয়ে ইসি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে সোমবার চুক্তিটি স্বাক্ষর হয় ।

ইসি প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন বলেন, “এই অপরাধমূলক কাজের ফলে বাংলাদেশের অসংখ্য নারী ও শিশুর জীবন ধ্বংস হয়ে গেছে। পুলিশ বাহিনী পাচারের বিরুদ্ধে লড়ার জন্য সামনের সারিতে রয়েছে। এজন্য পাচার রোধে পুলিশকে সমৃদ্ধ ও সুপ্রশিক্ষিত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‘মানব পাচার বিরোধী’ কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে একটি সুপ্রশিক্ষিত এবং দায়িত্ববান পুলিশ বাহিনীর মাধম্যে উল্লেখযোগ্য হারে মানব পাচার কমিয়ে আনা বলে ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ইউএনডিপি বাংলাদেশকে নারী-শিশু ও পুরুষ পাচারের ‘উৎস এবং ট্রানজিট’ হিসেবে উল্লেখ করেছে। যৌনতা ও শ্রমের দিক থেকে তাদের যেভাবে ব্যবহার করা হয়ে থাকে তা দাসত্বের সামিল বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ২০০৫ সালে পুলিশ সংস্কার কর্মসূচির প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু করে। পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়।