উত্তরা বৈঠকে অংশ নেয়া আমলাদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
উত্তরা ‘ষড়যন্ত্রের’ ঘটনায় গঠিত তদন্ত কমিটি চাকুরী বিধি ভঙ্গের দায়ে কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার সরকারের কাছে সুপারিশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব কর্মকর্তা ওই দিন দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়েছেন, তাদের ‘সতর্ক’ করে দেওয়ারও সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তবে প্রতিবেদনটির বিস্তারিত জানা যায়নি।
কৃষি সচিব আব্দুল আজিজের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির অন্য দুজন সদস্য যুব ও ক্রীড়া সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া এবং অতিরিক্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়াল এসময় উপস্থিত ছিলেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হোসেন মিঞা তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করেন। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে বদলি করার পর থেকে মন্ত্রণালয়ের সচিবের দৈনন্দিন কাজ করছেন অতিরিক্ত সচিব আব্দুস সবুর।
কিন্তু আব্দুস সবুরও সরকারি কাজে বাইরে থাকায় কমিটির সদস্যরা প্রতিবেদনটি তার হাতে দিতে পারেননি বলে কমিটির প্রধান আব্দুল আজিজ জানান।
প্রতিবেদন জমা দিয়ে বের হওয়ার সময় আব্দুল আজিজ সাংবাদিকদের প্রতিবেদন সম্পর্কে কোন কিছু জানাতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গোপনীয়। গোপনে তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে। তাই এ বিষয়ে কিছু জানানো যাবে না। তবে প্রয়োজন হলে পরে সাংবাদিকদের সাথে কথা বলা হবে।”
উল্লেখ্য ২৪ নভেম্বর রাতে উত্তরায় সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমলাদের ওই ‘গোপন’ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাবেক সচিব শহীদুল আলম, বর্তমানে যুগ্ম-সচিব ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আব্দুল বারী, উপ সচিব একেএম জাহাঙ্গীর আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব নাসিমুল গণি ও সাভারের ইউএনও এজেডএম সালাউদ্দিন নাগরীসহ বেশ কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
