২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর্জা আব্বাসের ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ?

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসের ভাই ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মীর্জা খোকনের স্ত্রী রোববার রাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রাতে দুই ভাইয়ের ঝগড়ার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে একটি সূত্র দাবি করেছে। তবে পরিবার, হাসপাতাল ও পুলিশ এ বিষয়ে পরিস্কার করে কোন কিছু না বলায় বিষয়টি এখনো রহস্যাবৃত।

গুলিবিদ্ধ মাসুদা আকরামকে রাজধানীর বসুন্ধারার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের রেজিস্টার খাতায় তার ঠিকানা দেখানো হয়েছে ১/বি, সড়ক নং-৭৯, গুলশান-২।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক ওই ঠিকানায় এই নামে বসবাসকারী কাউকে খুঁজে পাননি। নিজেকে দেলোয়ার নামে পরিচয় দেয়া একজন নিরাপত্তা রক্ষী বলেন, তিনি মাসুদা আকরাম নামে কাউকে চেনেন না।

পুলিশ বা পরিবারের সদস্য কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। হাসপাতাল কর্তৃপক্ষও কোন কথা বলছে না। এমনকি কাউকেই আহতের (মাসুদা আকরাম) কাছে যেতে দিচ্ছে না।

সূত্র জানায়, নগরীর মতিঝিল থানার ৮৭১ দক্ষিন শাহজাহানপুরের নিজ বাড়িতে রোববার রাতে স্বামী মির্জা খোকনকে রক্ষা করতে গিয়ে মাসুদা আকরাম বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

সূত্র জানায়, আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার সময় এ ঘটনা ঘটে।

মীর্জা খোকনের স্ত্রী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সাংবাদিক ও পুলিশসহ শত শত মানুষ মীর্জা আব্বাসের বাড়ি ও অ্যাপেলো হাসপাতালের সামনে ভীড় করেন।

হাসপাতাল সূত্র জানায়, মীর্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস সোমবার সকালে হাসপাতাল সফর করেছেন।

যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মোবাইলফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পরিবারের কোন সদস্য গুলিবিদ্ধ হয়নি।”

তিনি বলেন, “আমাদের একজন আত্মীয় অসুস্থ, আমরা তাদের দেখতে গিয়েছিলাম।”

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতের পরিবার মুখ না খোলায় ব্যাপারটি আমাদের কাছেও রহস্যজনক।”

তিনি বলেন, “প্রকৃত ঘটনা খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”