ইয়াজউদ্দিন সরকারের কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরলেন খালেদা জিয়া
পল্টন ময়দানের মহাসমাবেশে ২৫ মিনিটের ভাষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার প্রধান উপদেষ্টার পদগ্রহণ, সেনা মোতায়েনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সরকারের কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরেছেন।
তিনি স্পষ্ট করেই বলেছেন, রাষ্ট্রপতির সেনা মোতায়েনের সিদ্ধান্ত সঠিক ছিল। নির্বাচন কমিশন ও প্রশাসনে যে রদবদল হয়েছে তা যথেষ্ট। নির্বাচনের ঘোষিত তফসিলকেও তিনি সমর্থন জানিয়েছেন।
তিনি দাবি করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সম্পুর্ণ উপযোগী একটি পরিবেশ তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার।
খালেদা জিয়া বলেন, “১৪ দল একের পর এক দাবি দিয়েই যাচ্ছে। তাদের অনেক দাবি সরকার মেনেও নিয়েছে। তারপরও তাদের দাবির শেষ নেই।”
বিএনপি চেয়ারপারসন বলেন, “৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। এর পর নির্বাচন সম্ভব নয়। যারা বলে ৯০ দিনের বাইরে নির্বাচন করা যাবে তারা দেশকে ধ্বংস করতে চায়। তাবেদার রাষ্ট্র বানাতে চায়। এই জন্যই তারা ষড়যন্ত্র করছে।”
তিনি ১৪ দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনে আসুন। জনগণের দেয়া রায় আমরা মেনে নেবো।”
মহানগর বিএনপি সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে মহাসমাবেশে জোটের নেতা-কর্মীদেরকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “শান্তি, গণতন্ত্র, সংবিধান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জয়ী আমাদের হতেই হবে।”
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা ও জোট সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, “যা কিছু ভালো, যা কিছু সুন্দর ও কল্যাণকর তা বিএনপি করেছে, বিএনপিই করতে পারে। দেশের ব্যাপক উন্নয়ন দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা নির্বাচনকে ভয় পায়।”
সাবেক প্রধানমন্ত্রী ১৪ দলীয় মহাজোট প্রসঙ্গে বলেন,“জোটে দলের সংখ্যা বাড়লেই মহাজোট হয় না। জনগণের শক্তিই মহাশক্তি। সেই শক্তির কাছে আগামী নির্বাচনে মহাজোট পরাজিত হবে।”
তিনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বলেন, “দেশকে রক্ষা ও তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখতে হলে সঠিক সময়ে নির্বাচন করতেই হবে।”
আওয়ামী লীগ সভানেত্রীর ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের সাজানো প্রশাসনের বাগানে আমরা নির্বাচন করেছি। জনগণ আমাদেরকে বিজয়ী করে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর জবাব দিয়েছিলো। তাই জনগণকে তাদের এত ভয়।”
ছবিসহ ভোটার পরিচয়পত্র তৈরি করার জন্য ১৪ দলের দাবির অযৌক্তিকতা তুলে ধরে খালেদা জিয়া বলেন, “এই মুহূর্তে আইডি কার্ড তৈরির দাবি অযৌক্তিক এ কারণে যে, এই কার্ড তৈরি করতে তিন বছর লাগবে। তাহলে কি আমরা নির্বাচনের জন্য তিন বছর অপেক্ষা করবো?” তিনি মনে করিয়ে দেন, আগেরবার তার সরকারের সময়ই ছবিসহ ভোটার পরিচয়পত্র কাজ শুরু হয়েছিল। পরে আওয়ামী লীগ এসে তা বন্ধ করে দেয়।
১৪ দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করি। তারপর একসঙ্গে আইডি কার্ড তৈরির উদ্যোগ নিই।”
খালেদা বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের এবং গডফাদার প্রতিপালনের রাজনীতি। ২০০১ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তারা এই রাজনীতি শুরু করেছে।
বিএনপি চেয়াপারসন বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করছে। তারা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে দেশকে ধ্বংসের জন্য।”
