নির্বাচন দেখতে চারশ বিদেশি পর্যবেক্ষক আসছে
বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রায় চারশ পর্যবেক্ষক জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাাদেশে আগামী নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়া সদস্যদের বড় দলটিই আসবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে। এছাড়া কমনওয়েলথ, ওআইসি, সার্ক, এনডিআই, আইআরআই সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব থাকবে নির্বাচন পর্যবেক্ষণে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইইউ থেকে আসবে প্রায় দুশ’ জন, যুক্তরাষ্ট্র থেকে ৯০ জন পর্যবেক্ষক ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা সোমবার জানান, আর্ন্তজাতিক নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে কোন দেশের কত সদস্য থাকবে সেটা ঠিক করতে আরো কিছুদিন সময় লাগবে।
তিনি জানান, বিভিন্ন আর্ন্তজাতিক সংগঠনের পাশাপাশি কয়েকটি দেশও বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। কাজেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্তভাবে ঠিক হওয়ার পর জানা যাবে কোন দেশ থেকে কত প্রতিনিধি আসছেন।
জানা গেছে, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের কাজের সমন্বয় সহ সামগ্রিক নানান দিক নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘ, ইইউসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করবেন।
এদিকে ঢাকায় আসা ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মূল দলটি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন।
