হাইকোর্টের রায় স্থগিতের জন্য আবেদন করেছেন এরশাদ
জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দুই বছরের কারাদণ্ড বহালের রায় স্থগিতের জন্য সোমবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
হাইকোর্টের রায় স্থগিতের জন্য এই আবেদনটির ওপর মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজের আদালতে শুনানি হবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এ খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটায় জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের সাজা স্থগিতের জন্য আপিল বিভাগে একটি ফৌজদারি বিবিধ আবেদন দায়ের করা হয়েছে। কিন্তু এর কোনো নম্বর পড়েনি।
এডভোকেট অন রেকর্ড মৌলভী ওয়াহিদুল্লাহ এরশাদের পক্ষে এ আবেদনটি দায়ের করেন বলে ওই সূত্রটি জানায়। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীনের আদালতে সকাল সাড়ে ১০ টায় আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে এরশাদের পক্ষে থাকবেন আজমালুল হোসেন কিউসি। তবে আরও কয়েকজন সিনিয়র আইনজীবীও এরশাদের পক্ষে শুনানিতে অংশ নিতে পারেন ।
গত ১৪ ডিসেম্বর জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের আবেদন খারিজ করে দেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। এ মামলায় বিচার আদালতে দেওয়া তিন বছরের সাজা কমিয়ে হাইকোর্ট দুই বছর বহাল রাখে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী হেলালউদ্দিন মোল্লা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “জাপানি নৌযান ক্রয় মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরশাদ সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন। এটর্নি জেনারেল অফিসে সেই আপিলের কপি দেয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “এ মামলায় হাইকোর্টের রায় লেখা এখনও সম্পন্ন হয়নি বলে শুনেছি। কারণ বড় মামলা, রায়ও নিশ্চয়ই বড় হবে।” তিনি বলেন, “শুনেছি রায় ঘোষণার ১৫ দিনের মধ্যে এরশাদকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।”
এদিকে আপিল দায়েরের বিষয়ে দুপুরে প্রশ্ন করা হলে এরশাদের এক কৌঁসুলী এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম কৌশলগত কারণে এ বিষয়ে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। তবে জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশীদসহ জাতীয় পার্টির আইনজীবী নেতারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বলে জানা গেছে।
জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ ২০ টি নৌযান ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় কেনার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতিসাধন করেছেন। ১৯৯১ সালের ২২ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক এ কে এম হোসেন।
