তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারবে না: শেখ হাসিনা
তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারবে না, সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আজ প্রমাণিত-রাজধানীর পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এখন তিনি মহাসমাবেশে বক্তব্য রাখছেন।
তিনি প্রশ্ন করেন, “জনগণের অধিকার বড় না ৯০ দিনের সীমাবদ্ধতা বড়?”
তিনি ৩৪৫ জন দলীয় নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহারেরও দাবি জানান।
এর আগে বিকেল ৪টা ৬ মিনিটে হাসিনা সমাবেশস্থলে আসার পরপরই ১৪ দলের নেতা-কর্মীরা বিপুল হর্ষধ্বণি দিয়ে তাকে স্বাগত জানান।
এর আগে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেন, “আজ থেকে শুরু হলো মহাজোটের যাত্রা। ১৪ দলের সব কর্মসূচিতে আজ থেকে জাতীয় পার্টি শরীক হবে। দাবি পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না।”
এরশাদ সমাবেশে এসে পৌঁছালে উপস্থিত ১৪ দল এবং জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
বিকেল সাড়ে ৪টায় এসে পৌঁছান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বদরুদ্দোজা চৌধুরী।
এ সমাবেশ থেকেই ১৪ দলের নির্বাচন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে পল্টন এখন সব মনোযোগের কেন্দ্রবিন্দু।
কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, জি এম কাদের এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অন্যান্য নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশ স্থলে জাতীয় পার্টি ও এলডিপির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ফেস্টুন ও ব্যানার নিয়ে উপস্থিত হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক সমাবেশস্থলে সাংবাদিকদের বলেন, “আমরা জাতীয় পার্টি, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে আমাদের সমাবেশে আহ্বান জানিয়েছি সংহতি প্রকাশের জন্য। তারা আমাদের সঙ্গে সংহতি জানাতে যোগ দিয়েছেন।”
তিনি বলেন, “আমাদের ১১ দফা দাবির মধ্যে পাঁচটি দাবির বাস্তবায়ন করতেই হবে।”
১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন ময়দানসহ আশপাশের সব জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পল্টন ময়দানে ঢোকার সবগুলো রাস্তাতে সকাল থেকেই কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। আশপাশের উঁচু ভবনগুলোতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।
বেলা সোয়া একটার মধ্যেই ওই সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে পল্টনে সমবেত হতে শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর পুলিশ পল্টন ময়দানের আশেপাশের সবগুলো রাস্তায় যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ করেছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার রোববার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে লাঠি, বৈঠা বা ক্ষতিকারক বস্তু নিয়ে মিছিল বা জনসভায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ডিএমপির আরেক নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা, রাজউক, ফকিরাপুল, বিজয়নগর, জিপিও, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু স্কোয়ার, কাপ্তানবাজার, জয়কালী মন্দির ও ইত্তেফাক এলাকার রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
পুলিশের বিভিন্ন শাখা ও সংস্থাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আট হাজার নিয়মিত পুলিশকে সহায়তা দিতে বিডিআর মোতায়েনের পাশাপাশি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে।
