২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই নতুন দলের ঘোষণা দেবেন জি এম কাদের

জাতীয় পার্টি থেকে বহিস্কৃত জি এম কাদের শিগগিরই নতুন দলের ঘোষণা দেবেন। সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 11:04 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দল থেকে বহিস্কার প্রসঙ্গে কাদের বলেন, “চার দলীয় জোটে ফিরে যাওয়ার একটি প্রক্রিয়া হিসেবে দলের চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।”

রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের কার্যক্রমের বিরুদ্ধে মামলা করার জন্যই তাকে বহিস্কার করা হলো কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, মামলা করা হয়েছে দেশ ও জনগণের স্বার্থে। এর জন্য দলের চেয়ারম্যান কী সিদ্ধান্ত নিলেন তা নিয়ে তিনি বিচলিত নন।

জাতীয় পার্টি প্রসঙ্গে কাদের বলেন, “জাতীয় পার্টির রাজনীতিতে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রোববার রাতে লন্ডন থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় দলীয় শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে ছোট ভাই ও দলীয় নেতা জিএম কাদেরকে বহিস্কার করেন।

প্রথম থেকেই এরশাদের বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দেয়ার পরিকল্পনার ঘোর বিরোধিতা করে আসছিলেন জি এম কাদের। তিনি বলে আসছেন, জোটে যোগ দিলে জাতীয় পার্টি ভেঙ্গে যাবে।