২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার কাছে নানা অভিযোগ করলেন শিক্ষকরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বেশ কিছু অভিযোগ তুলে ধরলেন শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের নেতৃবৃন্দ। বিয়াম মিলনায়তনে রোববার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই অভিযোগ তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 11:09 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী থাকা কালে চেয়ারপারসনের সাক্ষাত না পাওয়া, শিক্ষকদের চাকুরি জাতীয়করণ না করা, দল থেকে চলে যাওয়া নেতাদের দুর্নীতির তথ্য প্রকাশ না করা এবং শিক্ষকদের মহাসমাবেশ করতে না দেওয়া।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অভিযোগ করেন,“যারা নব গঠিত এলডিপিতে যোগ দিয়েছেন, তারা অনেকেই দুর্নীতিবাজ। রেদওয়ান আহম্মেদ ও অধ্যাপিকা জাহানারা বেগম দুর্নীতির জন্যই আপনার মন্ত্রী সভা থেকে বাদ পড়েছেন।”

তিনি উপদেষ্টা সুলতানা কামালের সমালোচনা করে বলেন,“শিক্ষকদের অনেকেই জানতে চান তিনি হিন্দু না মসুলমান? কিন্তু আমি কোনো জবাব দিতে পারি না। সুলতানা কামালরা কী চায়, সেটা ছাত্র-ছাত্রীকে জানানোর দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।”

তনি বলেন,“অধ্যক্ষ শরিফুল ইসলাম যিনি শিক্ষক না হয়েও শিক্ষক নেতা হিসেবে পরিচিত তার দুর্নীতির ফাইল শিক্ষামন্ত্রী চেপে রেখেছিলেন। আগামীতে ক্ষমতায় এলে যেনো এমনটি আর না হয়।”

তিনি আরো বলেন,“আমরা একটা মহাসমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আপনার কেবিনেটের (প্রতিমন্ত্রী) একজন মিডিয়া পাগল নেতা সেটা করতে দেয়নি।”

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এলডিপি সম্পর্কে রসিকতা করে বলেন,“আমার এলাকায় (কিশোরগঞ্জ) লোকজন এলডিপিকে বলে লস ডিপেজিট পার্টি।”

অধ্যক্ষ মফিজ উদ্দিন চৌধুরী মাহমুদ বলেন,“শিক্ষকদের মূল্যায়নের জন্য অনেক কাজ বিএনপি সরকার করেছে। আমরা একটা শিক্ষা ব্যাংক গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ষড়যন্ত্রকারীরা তা গড়তে দেয়নি। আপনি আবার ক্ষমতায় এলে আমাদের এই দাবি পূরণ করবেন বলে আশা করছি।”