২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে রাজনৈতিক দলের সংবাদ প্রচারে ভারসাম্য আনার চেষ্টা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রোববার রাত ৮ টার সংবাদে বিভিন্ন রাজনৈতিক দলের সংবাদ প্রচারে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সংবাদে দুটি খবর ছিল আওয়ামী লীগের এবং দুটি ছিল ১৪ দলের। অন্যদিকে বিএনপি, জামায়াত এবং চার দলীয় জোটের প্রত্যেকের একটি করে খবর প্রচারিত হয়েছে।

শীর্ষ সংবাদ ছিল রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে আওয়ামী লীগের আব্দুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ। খবরটির জন্য সময় ছিল দুই মিনিট।

দ্বিতীয় সংবাদ ছিল রাষ্ট্রপতির সঙ্গে নেপালের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ।

এছাড়া তৃতীয় শীর্ষ সংবাদ ছিল হজ ফ্লাইট শুরু সংক্রান্ত।

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদের সরকারের সংবাদ ব্রিফিংয়ের খবরটি ছিল চতুর্থ স্থানে এবং এ খবরের জন্য বরাদ্দ ছিল দুই মিনিট।

এসব সংবাদের পর বিয়াম মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মতবিনিময় সভার খবরটি প্রচারিত হয়। এরপরেই ছিল বিজেপি নেতা সাইফুর রহমানের স্মরণে চারদলীয় জোটের শোকসভার সংবাদটি।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত নেপালের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাতের সংবাদটি ছিল সপ্তম স্থানে। এর পরেই প্রচারিত হয়েছে ১৪ দলের বঙ্গভবন ঘেরাও কর্মসূচির প্রস্তুতি সমাবেশের খবর।

৩০ মিনিটের সংবাদে পাঁচটি আন্তর্জাতিক সংবাদ এবং তিনটি খেলার সংবাদের জন্য বরাদ্দ ছিল মোট ছয় মিনিট।

এছাড়া বিটিভির রাত ৮ টার সংবাদে মোট ২৪ টি সংবাদের মধ্যে আরও ছিল ডা. মিলন দিবস পালন, চরমোনাই পীরের মৃত্যু এবং জাতীয়বাদী সাংস্কৃতিক জোটের সংবাদ।