রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে বঙ্গভবনের ব্যাখ্যা
‘রাষ্ট্রপতি শাসিত’ সম্পর্কে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে বঙ্গভবন। নিচে শুক্রবার বিকালে পাঠানো বঙ্গভবনের ব্যাখ্যাটি হুবহু প্রকাশ করা হলো-
“বৃহস্পতিবার সচিবদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির দেওয়া ভাষণে সরকার পদ্ধতি সংক্রান্ত বক্তব্য কোনো কোনো মিডিয়ায় সঠিকভাবে পরিবেশিত হয়নি। রাষ্ট্রপতি সরকার পদ্ধতি পরিবর্তনের কোনো কথা বলেননি।
সংবিধান অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির ওপর সরকার প্রধানের দায়িত্ব অর্পিত হওয়ার পর রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারের ধরনের কথা উল্লেখ করেছিলেন মাত্র। আক্ষরিক অর্থে এ বক্তব্যের ব্যাখ্যা কোনো কোনো গণমাধ্যমে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তাঁর ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর।
বঙ্গভবনের বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, এই ব্যাখ্যা প্রদানের পর এ নিয়ে সৃষ্ট সকল বিভ্রান্তির অবসান ঘটবে।
