মধ্যরাতেও হলো না খবর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় রোববার গভীর রাতে সেদিকে সজাগ দৃষ্টি রাখেন বেশ কিছুসংখ্যক সাংবাদিক।
জলিলের গুলশানের বাসভবনের আশপাশে তারা অপেক্ষা করেন কয়েক ঘন্টা ধরে। যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, এই আশায়।
তবে নফহবংি২৪.পড়স এর সিনিয়র রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ প্রায় মধ্যরাতে জানান, কোন কিছু না ঘটায় টিভি ক্রুসহ ১৫/১৬ জন সাংবাদিক অবশেষে মান্নান ভূঁইয়ার বাড়ির আশপাশ থেকে চলে যান।
মান্নান ভূঁইয়া যখন তাঁর বেইলী রোডের বাসার ওপর তলায় বিশ্রাম নিচ্ছিলেন তখন সাংবাদিকরা নিচে অপেক্ষায় ছিলেন।
আমাদের সিনিয়র প্রতিবেদক ফরিদ আহমেদ জানান, এর কয়েক কিলোমিটার দূরে জলিলের বাড়ির বাইরের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন।
বিকল্পধারার নেতা মাহী চৌধুরী রাত প্রায় ১২টার দিকে জলিলের বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি অবশ্য অপেক্ষমান সেই সাংবাদিকদের হতাশ করেননি। তিনি বলেন, ‘সংলাপ নিয়ে দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আগামীকাল (সোমবার) যাতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, আমরা তাঁকে সে অনুরোধই করতে এসেছিলাম।’
সংলাপে বিরোধীরা কি কোন ছাড় দেবে -- এধরণের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছাড় দিতে হবে উভয়পক্ষকেই’।
মাহী বলেন, তিনি মনে করেন রাষ্ট্রপতির আহবানে কে এম হাসান ‘না’ বলবেন। ‘তাঁর ব্যাক্তিত্ব সম্পর্কে যতটা জানি, তাতে আমি আশা করি রাষ্ট্রপতি আহ্বান করলে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে তিনি বিব্রত বোধ করবেন।’
সন্ধ্যায় কে এম হাসানের বাড়ি থেকে বেরিয়ে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিস সরাসরি বদরুদ্দোজা চৌধুরীর সংগে দেখা করতে গিয়েছিলেন বলে যে কথা শোনা গিয়েছিল তা তিনি উড়িয়ে দেন। তবে সংগে সংগেই তিনি বলেন, ‘আমি অন্তত কিছু জানি না।’
এর আগে, নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক জলিলের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক এবং এ এম এ মুহিতকে বেরিয়ে আসতে দেখেন।
অপেক্ষমান সাংবাদিকরা যখন জানতে পারেন মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দল চলে গেছে তখন তারা নিশ্চিন্ত হন যে, তিনি আর বাড়ি থেকেই বেরুবেন না।
একটি টিভি চ্যানেল রাতে খবর দিয়েছিল যে বিউটেনিস রোববার রাতে দুই নেতার সংগে দেখা করবেন।
