২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে অংশগ্রহণে আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সম্মতি

আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠেয় আব্দুল মান্নান ভূঁইয়া ও আব্দুল জলিলের মধ্যে সংলাপে যোগ দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 11:39 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আওয়ামী লীগের প্রেসিডিয়াম বৈঠকে বুধবার রাতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রশ্নে সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নেয়া প্রস্তাবে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করার তীব্র সমালোচনা করা হয়।

প্রেসিডিয়াম বৈঠকের নেয়া প্রস্তাবের পূরো বিবরণ:

“আমরা আগামীকাল সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবনে আমাদের পূর্ব ঘোষিত সংলাপে যাচ্ছি। ইতোমধ্যে সংলাপ নিয়ে আমাদের প্রস্তাবের পক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

কুটনৈতিক মহল, উন্নয়ন সহযোগী গোষ্ঠী, ইউরোপীয় ইউনিয়ন ও এনডিআইসহ সকলেই এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ সকল ইউরোপীয় দূতাবাসও এই সংলাপে সমর্থন জানিয়েছে। জাতীয়ভাবে সুশীল সমাজসহ সমগ্র দেশবাসী এই সংলাপে সমর্থন করেছেন।

কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চায়ের দাওয়াতকে কেন্দ্র করে বিভ্রান্তি ও ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

মাননীয় প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে ভাষণ দিতে গিয়ে আমাদের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করেছেন। অথচ এই প্রধানমন্ত্রীই পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল একাত্তরের জানজুয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়ে কোন দেশপ্রেমের নজীর স্থাপন করেছেন।

এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশেই জাতীয় পতাকা উড়িয়ে পাঁচজন সিনিয়র মন্ত্রী একটি হোটেলে এনডিআই প্রতিনিধিদের সাথে সাক্ষাত করে কোন দেশপ্রেমের নমুনা সৃষ্টি করেছেন, তা দেশবাসী লক্ষ্য করেছেন।

দেশবাসী এটাও লক্ষ্য করেছেন যে, এরা প্রতিনিয়ত বিদেশী দূতাবাসে গিয়ে ডিনার করতে আপত্তি করেন না, অথচ এখন চায়ের দাওয়াতে আপত্তি করছেন।

আমরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। এ লক্ষ্যেই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য সংগ্রাম করছি। সমগ্র দেশবাসী এ বিষয়ে সংলাপের সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”