নির্বাচন কমিশন অভিমুখে ১৪ দলের বিক্ষোভ মিছিল ১৯ জানুয়ারি, ৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেটে মহাসমাবেশ
আওয়ামী লীগসহ ১৪ দল ১৯ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে নির্বাচন কমিশন কার্যালয় (ইসি) অভিমুখে বিক্ষোভ মিছিল করবে।
শনিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া আগামী ৩০ জানুয়ারি চট্টগ্রাম এবং ৩১ জানুয়ারি সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করবে ১৪ দল।
গণফোরাম নেতা সাইফুদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, হাইকোর্টের রায় ঘোষণার পরও নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ বন্ধ রাখেনি। আদালতের রায় উপেক্ষা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং জোট সরকার সংবিধানবহির্ভূতভাবে দেশে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে ১৯ জানুয়ারির বিক্ষোভ মিছিল সফল করার জন্য দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
