ওলামাদের সমর্থন ছাড়া বড় কোনো দলই ক্ষমতা আকড়ে থাকতে পারবে না: আমিনী
ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনী এমপি বলেছেন, ওলামা সম্প্রদায়ের সমর্থন ছাড়া বড় কোনো দলই ক্ষমতা আকড়ে থাকতে পারবে না।
শেরপুরের জামতলী বাজারে অনুষ্ঠিত পার্টির এক সমাবেশে তিনি একথা বলেন।
আমিনী বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার নামে বোমা হামলা চালিয়ে একটি গোষ্ঠী ইসলামের ক্ষতি করছে। এ ঘটনাকে তিনি দেশে গত ৩৫ বছর ধরে চলা ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইসলাম বিরোধীদের ক্ষমতায় আরোহন মেনে নেয়া হবে না।
ইসলামী ধর্মীয় নেতা পীরদের কঠোর সমালোচনা করে ইসলামী ঐক্যজোট নেতা বলেন, ‘যারা দাঁড়ি রাখে না, নারীদের দিয়ে শরীর ম্যাসেজ করায় এবং মদ খায় তারা ভণ্ড’।
তিনি বলেন, আমাদের এমন অস্ত্র আছে, যা মার্কিন প্রেসিডেন্ট বুশের কাছেও নেই। ইসলাম রক্ষার জন্যে হাজার হাজার মুসলমান তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খুরশিদুল আলম ও মাওলানা আকতারুজ্জামান।
