সিপিবি’র উপর জাতীয় পার্টির হামলা বর্বরোচিত: বিভিন্ন সংগঠনের নিন্দা
দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক বিবৃতিতে রোববার সিপিবি’র অফিস এবং র্যালিতে জাতীয় পার্টির কর্মীদের বর্বর হামলার নিন্দা জানিয়েছে।
রোববার পল্টনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন এবং তার প্রত্যক্ষ নির্দেশে হামলার ঘটনা ঘটেছে বলে সিপিবি অভিযোগ করেছে।
সিপিবি’র সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম এক যৌথ বিবৃতিতে এই হামলাকে বর্বরোচিত বরে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
এছাড়া তার তাদের ভাষায় নগ্ন এই হামলার জন্য সরাসরি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে দায়ী করেন। তারা বলেন, ১৫ বছর আগের মত এখনও এরশাদ তার একনায়কতন্ত্রের স্বভাব বজায় রেখেছেন। তারা হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভুমিকাকে অত্যন্ত রহস্যজনক বলে অভিহিত করেছেন।
এদিকে হামলার প্রতিবাদে সিপিবি আগামী ২ জানুয়ারি ঢাকায় এবং ৩ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের আহবান জানিয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ সিপিবির ওপর এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আরও যারা নিন্দা জানিয়েছেন তারা হলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহবায়ক খালেকুজ্জামান। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে নগ্ন এই হামলার নিন্দা জানিয়েছে।
