সিপিবি - জাপা সংঘর্ষ: দু:খ প্রকাশ করলেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সিপিবির সাথে তার দলের কর্মীদের সংঘর্ষের ঘটনাকে ‘অনাকাঙ্খিত’ হিসেবে উল্লেখ করে দু:খ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমার প্রতিপক্ষ বিএনপি ও আওয়ামী লীগ, সিপিবি নয়। তারা কোনো জোটেও নেই, দলেও নেই। তারা আমাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নয়। তারা আমাদের মতো নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তাই তাদের সাথে সংঘাত আমাদের কাম্য নয়।
সোমবার সকালে দলের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইচএম এরশাদ এ কথা বলেন।
রোববার বিকেলে পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, গোলাম হাবিব দুলাল, ফকির আশরাফ, আবু সুফিয়ান, সৈয়দ আবু হোসেন বাবলা ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ শেষে আমরা মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দিকে যাচ্ছিলাম। পুলিশই আমাদের সেদিকে নিয়ে যায়। সিপিবির সমাবেশের কথা জানলে আমরা সেদিকে যেতাম না। বিষয়টি আমি সিপিবি প্রধান মঞ্জুরুল আহসান খানকে জানানোর পরও তারা আমার গাড়িতে চেয়ার ছুঁড়ে মারে।
তিনি বলেন, মারামারি আমাদের কাম্য ছিল না। সিপিবি গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করেছে। এটা কোনো রাজনৈতিক সংঘাত নয়। এতে জাতীয় পার্টির সুনাম ক্ষুন্ন হয়েছে।
তিনি আরো বলেন, এমনিতেই দেশটা সংঘাতে শেষ হয়ে গেছে। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান।
এইচএম এরশাদ সংঘর্ষের সময় বাস চাপায় নিহত কবীর হোসেনকে তার দলের কর্মী হিসেবে দাবি করে বলেন, ঘটনার ব্যাপারে পল্টন ও রমনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সিপিবি সভাপতি তাকে ‘স্বৈরাচার’ হিসেবে চিহ্নিত করার জবাবে তিনি বলেন, এ দেশে আমার থেকেও বড় বড় স্বৈরাচার রয়েছে।
এদিকে রোববারের ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি (এরশাদ) ঢাকাসহ দেশব্যাপি প্রতিবাদের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার ঢাকায় ও মঙ্গলবার দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ।
অন্যদিকে সিপিবিও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেছে।
