২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি তাদের ৫দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর ৪৮ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

রোববার গভীর রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক সত্ত্বেও সোমবার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ৬ ঘন্টা ধর্মঘট পালন করে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশনের আঞ্চলিক কমিটি ২ ও ৩ জানুয়ারি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পরিবহন ধর্মঘট ডাকে। পাঁচ দফা দাবিগুলো হল- তিন পরিবহন নেতাকর্মীকে র‌্যাব কর্তৃক নির্যাতনের বিচার, মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, শ্রমিক কল্যাণ তহবিল গঠন এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি রয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার রাত ১১ টায় তার ঢাকার বাসভবনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কামাল ইবনে ইউসুফের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একজন পরিবহন নেতা অন্যান্য পরিবহন নেতাদের ওপর মামলা করে হয়রানি চালাচ্ছে বলে পরিবহন নেতারা অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী ফরিদপুরের বিভিন্ন রুটে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ফেডারেশনের অন্যান্য দাবি সরকারের সংশ্লিষ্ট মহলের গোচরে আনার ব্যাপারে আশ্বাস দেন বলে বৈঠকে অংশগ্রহণকারী শ্রমিক নেতারা জানান। র‌্যাবের হয়রানি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দেন।

বৈঠক শেষে রাত দেড়টার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেনের কার্যকারী সভাপতি শাহজাহান খান বিডিনিউজকে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, র‌্যাব শ্রমিকদের আর হয়রানি করবে না এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হবে বলে প্রতিমন্ত্রী আমাদের আশ্বস্থ করেছেন। 

শাহজাহান খান আরও জানান, সারাদেশের শ্রমিকদের না জানাতে পরায় সোমবার বেলা ১২টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।