২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতায় সামরিক শাসনকে দায়ী করেছে আওয়ামী লীগ

১৯৭৫ পরবর্তী সরকারগুলো, বিশেষ করে সামরিক শাসকরা, ধর্মের রাজনৈতিক অপব্যবহারের মাধ্যমে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের পৃষ্ঠপোষকতা করেছে। যার চূড়ান্ত পরিণাম আজকের এই জঙ্গিবাদের উত্থান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামাত জোটের আমলে সামাজিক পরিবেশের অবনতি এবং ’৭৫ পরবর্তী সময়ের দুঃশাসন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সোমবার দলের নেতারা এ মতামত ব্যক্ত করেন।

রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার মাধ্যমেই কেবল জঙ্গিদের প্রতিহত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এইচকেএস আরেফিন।

আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মৌলবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দুর্বলতা ও উদারতার সুযোগ নিযে একাত্তরে পরাজিত হওয়ার পরও তারা আবার সংগঠিত হয়ে উঠেছে।

তিনি বলেন, জনগণের মধ্যে নিজেদের অবস্থান তৈরি করতে সামরিক শাসকরা ধর্মকে কাজে লাগায় এবং মৌলবাদীদের সাম্প্রদায়িক রাজনীতির সুযোগ করে দেয়।

আব্দুল জলিল বলেন, স্বাধীনতার চেতনা আত্মস্থ করার মধ্য দিয়েই আমাদের এই অপশক্তিকে নির্মূল করতে হবে। এতে যদি আমরা ব্যর্থ হই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

আলোচনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ’৭১ সালে যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতি যুদ্ধ করেছিল সে আদর্শকে ধ্বংস করার জন্য ’৭৫ পরবর্তী সরকারগুলোকে দায়ী করেন।

তোফায়েল আহমেদ বিএপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে বলেন, দেশপ্রেমের পরিবেশ ধ্বংস করতে জিয়া প্রতিক্রিয়াশীলদের নিয়ে দল গড়ে তোলেন এবং এক সময় তিনি যা বলেছিলেন তাই করেছেন। তিনি সত্যিই রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলেন এবং স্বাধীনতাবিরোধীদের জন্য রাজনীতিকে সহজ করে তোলেন।

জঙ্গিদের ক্ষমা করে দেওয়ার পরিকল্পনার ব্যাপারে তিনি সরকারকে অভিযুক্ত করে বলেন, হাসিনা নয় জাতিই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী ইসলামের নামে জঙ্গিবাদের এ উত্থানকে জাতির জন্য এক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশের পর থেকে জাতি এ ব্যাধিতে ভুগছে।

তিনি বলেন, অধ্যাদেশ ও ইনডেমনিটির রাজনৈতিক সংস্কৃতি মৌলবাদ ও জঙ্গিবাদকে জায়গা করে দিয়েছে।

বৈঠকে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, একটি সমাজের জন্য রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান। যেহেতু রাষ্ট্রের অন্তর্ভুক্ত জনগণ বিভিন্ন সম্প্রদায়ের অনুসারী, তাই রাষ্ট্রের কোনও ধর্মীয় পরিচয় থাকা উচিত নয়।

আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।