২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জ, গুলি: অর্ধ শতাধিক আহত, গ্রেফতার ৪০, বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ বৃহস্পতিবার ব্যাপক লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের সাথে বৈঠক করতে গেলে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পুলিশী হামলায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০ জন ছাত্রকে পিঠমোড়া করে বেঁধে পুলিশ থানায় নিয়ে গেছে।

কর্তৃপক্ষ রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। অবশ্য উপাচার্য বলেছেন, দুর্গাপূজার ছুটি দু’দিন এগিয়ে এনে এ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে পুলিশের প্রহারের ফলে হাসপাতালে ভর্তি পাঁচজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

ক্রেডিট ফি কমানোর জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের সাথে ছাত্রদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে সারাদিন ক্যাম্পাসের বিভিন্ন কর্মকাণ্ড দেখানোর পর অধ্যাপক রহমান বিকেলে ঢাকায় চলে যান।

ছাত্রছাত্রীরা বিকেলে মিছিল করে উপাচার্যের কার্যালয় ঘেরাও করতে গেলে জেলার পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহ হেল বাকী তাদের সঙ্গে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়লে ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের নির্দেশে শতাধিক পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ শুরু করে। ছাত্ররা এসময় দৌড়ে আবাসিক হলগুলোতে ঢুকলে পুলিশ তাদের হল থেকে বের করে এনে বেধড়ক পেটায়। মারধর করা হয় ক্যাম্পাস এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রদের। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের ওপর নির্যাতন বন্ধের জন্যে অনুরোধ জানালেও পুলিশ এতে কর্ণপাত করেনি।

এব্যাপারে পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহ হেল বাকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্ররা এসপিকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্যে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তার এখনও চলছে। তাই সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার সারাদিন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে অসুস্থ বোধ করায় তিনি ঢাকায় চলে আসেন।