সংরক্ষিত ৯ নারী আসনে মনোনয়নপত্র দাখিল, জাপা প্রার্থী পরিবর্তন
জাতীয় সংসদে সংরক্ষিত নয়টি নারী আসনের জন্যে ক্ষমতাসীন চার দলীয় জোট ও জাতীয় পার্টির প্রার্থীরা রোববার রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নিয়ম অনুযায়ী প্রথম পর্যায়ের নির্বাচনে আওয়ামী লীগের জন্যে বরাদ্দ নয়টি আসনে তারা প্রার্থী না দেওয়ায় এ আসনগুলো শূন্য থেকে যায়।
আগের নির্বাচনে ক্ষমতাসীন জোট ও জাতীয় পার্টির ৩৬ জন মহিলা সাংসদ নির্বাচিত হন।
ক্ষমতাসীন বিএনপি শনিবার রাতে ছয়টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। এবার তারা জোটের অপর শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোটের (আমিনী) জন্য একটি করে আসন বরাদ্দ রাখে।
বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা হচ্ছেন, বেগম রেজিনা ইসলাম, বেগম খোদেজা এমদাদ লতা, রাশেদা বেগম হীরা, সাইমুন বেগম, নেওয়াজ হালিমা আরলী, ফাহিমা হোসেন জুবলী।
জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হয় বেগম রোকেয়া আনসারকে। তিনি সাতক্ষীরা থেকে নির্বাচিত সাবেক জামায়াত এমপি শেখ আনসার আলীর স্ত্রী। ইসলামী ঐক্যজোটের পক্ষে পার্টির ঢাকা মহানগর শাখার মহাসচিব শেখ লোকমান হোসেনের স্ত্রী নাঈমা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়।
তবে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন। শনিবার দলের পক্ষ থেকে তাদের প্রার্থী হিসেবে নাসরিন জাহান রত্মাকে নিশ্চিত করা হয়। কিন্তু শেষ মুহূর্তে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টির মহিলা শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নূর-ই-হাসনা লিলি চৌধুরীকে।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করার সময় বিএনপি প্রার্থীদের সঙ্গে ছিলেন সাংসদ নিজামউদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন এবং দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে আসেন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা আবদুস সোবহান।
ইসলামী ঐক্যজোট প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করতে আসেন দলের সাংসদ মুফতি মোহাম্মদ আক্কাস ও শাহিনুর পাশা চৌধুরীর সঙ্গে। জাতীয় পার্টির প্রার্থী লিলি চৌধুরীর সঙ্গে আসেন মতিউর রহমান এমপি ও হাফিজউদ্দিন এমপি।
৪ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনের জন্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ সেপ্টেম্বর।
