২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই: আঞ্চলিক সেমিনারে বক্তারা

ঢাকায় তিনদিনব্যাপি আঞ্চলিক সেমিনারের দ্বিতীয় দিনে ইসলামী বুদ্ধিজীবীরা অভিযোগ করে বলেছেন, রাজনীতিবীদরাই ধর্মকে ব্যবহার করেছেন। পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে ‘সন্ত্রাস’ শব্দটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

‘ইসলাম শান্তি, প্রগতি ও সম্প্রীতির ধর্ম, বাংলাদেশ একটি আদর্শ উদার মুসলিম রাষ্ট্র’ শীর্ষক সেমিনারের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন মহাকবি আল্লামা ইকবালের ছেলে ও পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ডঃ জাভেদ ইকবাল।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সেমিনারে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশের ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞ এবং সারাদেশের মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ' প্রতিনিধি যোগ দেন।

সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্ট্যাডিজ (সিএনআরএস) আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন শ্রীলংকার মোঃ যোবায়ের হাসান, ইন্দোনেশিয়ার ড. আনিস মালিক তোয়াহা, মালয়েশিয়ার প্রফেসর ড. মুহাম্মদ মাসুম বিল্লাহ, পাকিস্তানের মাওলানা মোঃ হানিফ তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মোঃ শামসুদ্দিন, মাওলানা মুহিউদ্দিন খান প্রমুখ।

আলোচকরা ইসলামসহ যে কোনো ধর্মের নামে সন্ত্রাস ও ধ্বংসের নিন্দা জানিয়ে বলেন, ইসলামের মূল্য লক্ষ্য হচ্ছে আদর্শিক মূল্যবোধের প্রসার ঘটানো। যে কোনো সন্ত্রাস, নিরীহ সাধারন মানুষকে হত্যা ও সম্পদ ধ্বংস ইসলামের মূল লক্ষ্যের পরিপন্থী।

ডঃ জাভেদ ইকবাল বলেন, দক্ষিণ এশিয়ার ইসলামী বুদ্ধিজীবীরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন ‘ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম’। ইসলাম সমতা ও ন্যায়-নীতিকে উর্ধ্বে তুলে ধরে। কিন্তু সন্ত্রাস ইসলামের এ মূল আদর্শকে ধ্বংস করে দেয়।

প্রফেসর ড. মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ইসলাম বাধ্যবাধকতার সৃষ্টি করে না। বরং জীবন যাপনের সকল পর্যায়ে সমতা ও ন্যায়নীতি নিশ্চিত করে। আল্লাহ ধ্বংসকারীদের পছন্দ করেন না।

শনিবার সেমিনারের সমাপনী অনুষ্ঠানে ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাককেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএসএমএ ফায়েজ।