২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্র্যাপ ইলেকশনে’র ষড়যন্ত্র প্রতিহত করা হবে, ১৪ দলের ন্যূনতম জাতীয় কর্মসূচি শিগগিরই: একান্ত সাক্ষাৎকারে বিডিনিউজকে আব্দুল জলিল

বিএনপি-জামাত জোট সরকার ‘ট্র্যাপ ইলেকশনের’ (নির্বাচনের ফাঁদ পাতা) ষড়যন্ত্র করছে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দলের প্রস্তাব বাস্তবায়ন না করে তারা এ ‘ট্র্যাপ ইলেকশন’ করার চেষ্টা করলে আওয়ামী লীগসহ বিরোধী দল তা কঠোর হস্তে প্রতিহত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিডিনিউজকে বুধবার দেওয়া একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ কথা বলেছেন।

তিনি বলেন, এ ধরনের নির্বাচনে পা দেওয়া আমাদের জন্যে হবে আত্মঘাতি। সরকার এ অগ্রহণযোগ্য একতরফা নির্বাচন করলে আমরা তাতে অংশ নেবো না।

তিনি আরও বলেন, ‘১৫ ফেব্রুয়ারি মার্কা’ নির্বাচন করলে পুনঃনির্বাচন দিতে হবে। আর এর ফলে দেশ যে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে, বিএনপি জোটকে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে। এবার বিএনপি জামাতকে কোনও ছাড় দেওয়া হবে না।

দীর্ঘ এ সাক্ষাৎকারে আব্দুল জলিল জানান, সংস্কার ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না এবং দেশে একতরফা কোনও প্রহসনের নির্বাচন হতেও দেওয়া হবে না। ঐক্যবদ্ধ দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাত জোটকে সংস্কারের দাবি মানতে বাধ্য করা হবে। গণঅভ্যুত্থান করে তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশ থেকে হরতাল, অবরোধ, ঘেরাওয়ের মতো কঠোর ও সর্বাত্মক আন্দোলন কর্মসূচি (স্ট্রাইকিং প্রোগ্রাম) ঘোষণা করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ঐতিহাসিক পল্টন ময়দানের জনতার সমুদ্রে জোট দু:শাসনের কবল থেকে জাতিকে মুক্তির এ কর্মসূচি ঘোষণা করবেন।

আব্দুল জলিল বলেন, এছাড়া ১৪ দলের পক্ষ থেকে আগামীতে সরকার পরিচালনার ‘ন্যূনতম জাতীয় কর্মসূচি’ রোজার মধ্যেই ঘোষণা করা হবে। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার গঠন করতে পারলে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং দুর্নীতি ও সন্ত্রাস রোধসহ বিভিন্ন বিষয়ে আমাদের কর্মসূচি কী হবে, তা আমরা খুব শিগগিরই বসে চূড়ান্ত করবো। দেশ পরিচালনায় জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতিগুলো আমরা আগেই ঘোষণা করতে চাই।

তিনি বলেন, সংস্কারের পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চলছে। জনগণ এ সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে। দেশ বিদেশে এর পক্ষে ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে। রোজার মধ্যে ইফতার মাহফিল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংস্কারের পক্ষে আরও সমর্থন আদায় করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোটের পতন ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আগামীতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচিতে শুধু রাজনৈতিক নেতা কর্মী নয়, ব্যাপক গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর, জনসংযোগ, সভা সমাবেশ ও প্রচারণার কাজ করছি। এ সকল কর্মসূচিতে সংস্কারের পক্ষে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। নভেম্বরের মধ্যে আমরা আরও ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করবো।

এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য। ১৪ দলের ঐক্য এখন একটা কাঠামোতে এসেছে। শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষকে জোট দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে তথা মুক্তিকামী দেশবাসীর ঐকান্তিক আকাক্সক্ষা পূরণে এ কাঠামোকে বৃহত্তর জোটে পরিণত করা সম্ভব হবে।

ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন ছাত্রদলের দেড়শ’ নেতা কর্মীকে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ বিষয়ে প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা অবৈধ ও একতরফাভাবে সিইসি’র নিয়োগ প্রত্যাখ্যান করেছি। তাই অবৈধ নিয়োগের মাধ্যমে সৃষ্ট সকল নিয়োগই অবৈধ। আর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। মাঝখানে এ সকল নিয়োগ দিয়ে সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে।

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, আমাদের সংস্কার প্রস্তাব অনুযায়ী নির্বাচন হলে সকল অবৈধ নিয়োগ বাতিল হয়ে যাবে।