২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক ৬ দফা দিবস মঙ্গলবার, আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি, শেখ হাসিনার বাণী

ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ জুন মঙ্গলবার। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ছয় দফার ভিত্তিতে স্বায়ত্বশাসনের দাবি উত্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:48 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ওই ছয় দফা স্বাধীনতার পথে বাঙালীকে আরও এক ধাপ এগিয়ে নেয়। দাবি আদায়ের আন্দোলন কর্মসূচি হিসেবে ৭ জুন হরতাল চলাকালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলিতে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে শ্রমিক নেতা মনু মিয়া, নারায়ণগঞ্জে শফিক ও শামসুল হক শহীদ হন। এ ঘটনা শ্রমিক আন্দোলনকে আরও বেগবান করার পাশাপাশি ছাত্র-জনতার জোরালো আন্দোলন গড়ে তোলে।

আওয়ামী লীগ এ দিবসটিকে যথাযথভাবে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে পাঁচটায় দেশব্যাপি দলের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা।

এসব কর্মসূচি পালনের জন্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বাণীতে শেখ হাসিনা বলেন, এবার ৭ জুন আমাদের মাঝে ফিরে এসেছে সংগ্রাম ও আন্দোলনের ডাক নিয়ে। বিরাজমান পরিস্থিতিতে জাতিকে রক্ষা এবং গণতান্ত্রিক ও আইনের শাসন নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার জন্যে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সংগ্রামী ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি ‘স্বৈরশাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সংগ্রামের মৃত্যু নেই। সত্যের পরাজয় নেই।