২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বিকল্প ধারার যুগ্ম মহাসচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, পীরগঞ্জে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে বিকল্প ধারার প্রতিবাদ সভায় হামলাকারি সরকার নুরুজ্জামান বিক্ষুব্ধ জনতার প্রহারে আহত হওয়ার ঘটনায় বিকল্প ধারার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসানকে প্রধান আসামী করে নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

অন্যদিকে শুক্রবার পীরগঞ্জে কলোপীর নামক স্থানে বিকল্প ধারার পথসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার বিকেলে বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীহাট হাইস্কুল মাঠে বিকল্প ধারা বাংলাদেশ জনসভা আহবান করে এবং সেখানে তারা মঞ্চ তৈরি করে। মঙ্গলবার রাতে বিএনপি ক্যাডাররা বিকল্পধারার মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং কিছু সরঞ্জামে অগ্নিসংযোগ করে।

হামলার কারণে বিকল্পধারা সেখান থেকে পাঁচ কিলোমিটার দুরে মুন্সিরহাট নামক স্থানে একটি প্রতিবাদ সভার আয়োজন করে। সভা চলাকালে বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিনের নেতৃত্বে শতাধিক উশৃংখল বিএনপি কর্মী ঐ সভায় হামলা চালায় এবং ফিরোজ এম হাসানের গাড়ী ভাংচুর করে। সে সময় উপস্থিত জনতা বিএনপি কর্মীদের ধাওয়া করলে জনতার সাথে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

হামলায় বিএনপির দুই ক্যাডার আহত হলে রাতেই সদর উপজেলার বিএনপির সম্পাদক আনোয়ার হোসেন লাল বাদী হয়ে ফিরোজ এম হাসানসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিকল্প ধারার দুই কর্মীকে আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে।

অপরদিকে পীরগঞ্জের কালোপীর নামক স্থানে বিকল্প ধারার পথসভা কর্মসুচিতে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকল্প ধারার পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে ফিরোজ এম হাসান বলেন, বিএনপি তাদের ক্ষমতা আকড়ে রাখার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সভা সমাবেশে হামলা চালানোর কালচার শুরু করেছে তা তাদের জন্য পতন বয়ে আনবে।

বিকল্প ধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে বলেন, ঠাকুরগাওয়ের জনগণ বিকল্প ধারার উপর আক্রমনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তার জন্যে অভিনন্দন জানাই এবং ন্যাক্কারজনক হামলা চালনার জন্যে সরকারি দুর্বৃত্তদের নিন্দা জানাই। বিবৃতিতে তিনি ঠাকুরগাওয়ে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।