২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা নেতা সরদার আমজাদ ১ জুন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন

দীর্ঘ ২০ বছর পর রাজশাহীর বিশিষ্ট রাজনীতিক, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য সরদার আমজাদ হোসেন আবার আওয়ামী লীগে ফিরে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে ১ জুন তিনি আওয়ামী লীগে যোগ দেবেন। তার সাথে রাজশাহীর আরও বেশকিছু নেতাকর্মী থাকছেন বলে জানা গেছে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এরশাদ সরকার আমলে কৃষি, খাদ্য, ভূমি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারি ওই নেতার সাথে বেশ কিছুদিন ধরেই দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন চলছিল।

দলের দুই গ্রুপের দলাদলির সুযোগ নিয়ে দলীয় চেয়ারম্যান কয়েক মাস আগে তাকে জাতীয় পার্টি থেকে বহিস্কার করেন। এরপর তিনি জাতীয় পার্টির স্থানীয় কিছু নেতাকর্মীকে নিয়ে একটি কাউন্সিল আয়োজন করেন। ওই কাউন্সিলে তাকে জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।

বিডিনিউজ’র রাজশাহী প্রতিনিধি জানান, ওই কাউন্সিলের পর থেকে তিনি পৃথক দল গঠন করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত নিজের পুরনো ঘরে ফিরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে ওই গুজবের অবসান হলো।

জানা যায়, জাতীয় সংসদের রাজশাহী-৩, বাগমারা মোহনপুর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই আসন থেকে তিনি এ পর্যন্ত মোট আটবার প্রতিদ্বন্দিতা করেছেন। এর মধ্যে পাঁচবার তিনি সাংসদ নির্বাচিত হন।

আওয়ামী লীগের টিকিটে ১৯৭০ সালে সরদার আমজাদ প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন। কিশোর বয়স থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন।

এ সময় (১৯৬৫-৬৬ সাল) তিনি ছাত্রলীগের প্রার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ১৯৬৪ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের এসএম হলের জিএস ছিলেন।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগে তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশাল গঠিত হলে তিনি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছিলেন।

জাতীয় পার্টিতে যোগ দিয়েই তিনি মন্ত্রীত্ব ও প্রেসিডিয়াম সদস্য পদ লাভ করেন। এরশাদ সরকার পতনের পর তিনি এরশাদ মুক্তি আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রাখেন।

সরদার আমজাদ হোসেন ১৯৪০ সালের ১ জানুয়ারি বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামে জন্মগ্রহণ করেন।