কোরআন অবমাননার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নিশ্চুপ থাকায় ইসলামী দলগুলোর সমালোচনা
কিউবা এবং ইরাকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদ বিক্ষোভে শুক্রবার হাজার হাজার লোকের শ্লোগানে নগরীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, মুক্তাঙ্গন ও পল্টন ময়দান মুখোরিত হয়ে ওঠে।
এদিকে বিডিনিউজের জেলা প্রতিনিধিগণ সারাদেশে এ ধরণের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শণের খবর পাঠিয়েছেন।
প্রখর তাপ ও গরম উপেক্ষা করেও শুক্রবার জুমার নামাজের পর নগরীর বায়তুল মোকাররম মসজিদের আশেপাশে প্রায় প্রতিটি ইসলামী দলই পৃথকভাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
কোরআন অবমাননার প্রতিবাদে চার ভাগে বিভক্ত ইসলামী ঐক্যজোটের তিনটি অংশ রাস্তায় অবস্থান নেয়। এর মধ্যে চারদলীয় জোটে থাকা একটি অংশও রয়েছে।
এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিযবুত তাহরীর বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও পৃথক সমাবেশ করে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুক্তাঙ্গনে সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রায় ১৫ হাজার লোক সমাগম হয় এবং পবিত্র কোরআন অবমাননার জন্য আমেরিকাকে দায়ী করা হয়। সমাবেশে বক্তরা অবিলম্বে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং ফিলিস্তিন সমস্যা সমাধানের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ ফজলুল করিম ইসলামের পবিত্রতা রক্ষায় সকলকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। কোরআন অবমাননার ঘটনার আওয়ামী লীগ ও বিএনপি নিশ্চুপ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা মার্কিন সাম্রাজ্যবাদের ধারক।
তিনি এ প্রতিবাদ বিক্ষোভে ইসলামী ঐক্যজোটের অংশ নেওয়াকে আই ওয়াশ এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে মাওলানা মোসাদ্দেক বিল্লাহ এআই মাদানী, এটিএম হেমায়েত উদ্দিন, সৈয়দ বেলায়েতুল হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আগামী ১১ জুন মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেয়।
হিযবুত তাহরীর বাংলাদেশ এ প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ না করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করেন এবং ইসলামী আইন কায়েম আন্দোলনে তাদেরকে অংশ নেয়ার আহ্বান জানান।
হিযবুত তাহরীর বাংলাদেশ বিশাল একটি মিছিলের আয়োজন করে। মিছিলটি গুলিস্তান, পল্টন ও দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে দলের নেতা কাজী মোরশেদুল হক ও ড. সাঈদ বক্তব্য রাখেন।
সরকার সমর্থক ইসলামী ঐক্যজোটের বিভক্ত তিন অংশের নেতা যথাক্রমে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী ও মওলানা ইজাহারুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পৃথক তিনটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারা পবিত্র কোরআন অবমাননার জন্য মার্কিন সরকারকে দায়ী করেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সংসদে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানানোরও দাবি জানান।
রংপুর, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, গাজীপুর, চাঁদপুর ও ঝালকাঠিসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ প্রতিনিধিগণ কোরআন অবমাননার বিরুদ্ধে এ ধরণের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার খবর দিয়েছেন।
