আন্দোলন অব্যাহত রাখবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা এবং বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও নিরপেক্ষতা বজায় রাখতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটা সংকট বিরাজ করছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বহিরাগতদের দ্বারা সৃষ্ট সমস্যা আইনজীবী সমিতির খুব ভালোভাবেই মোকাবেলা করছে। বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও নিরপেক্ষতা রক্ষা করতে দেশের আইনজীবীরা ঐক্যবদ্ধ। সংবিধান রক্ষা করতে দেশের আইনজীবী ও সাংবাদিকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, সাংবাদিকরা সংবাদ সম্মেলনেও সংবাদ প্রকাশ করতে পারেন।
তিনি আরও বলেন, হাইকোর্টের আদেশ এবং সংবাদ সম্মেলন আয়োজনের মধ্যে কোনও বিভেদ নাই।
আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশ আয়োজনের ওপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছেন সুপ্রিম কোর্ট খোলার পর আইনজীবী সমিতি তা চ্যালেঞ্জ করে মামলা করবে।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, গত ২৩ মে হাইকোর্ট যে সুমোটো রুল জারি করেছে তাতে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর সুবিধা হয়েছে।
তিনি বলেন, আপিল বিভাগে বিতর্কিত বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তি হওয়ার আগেই হাইকোর্ট এ আদেশ দেয়ায় দেশের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য আন্দোলন করে আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম শাসছুল হক চৌধুরী, মরহুম সৈয়দ ইশতিয়াক আহমেদ, মরহুম সুধাংশু শেখর হালদার, শওকত আলী খান, কায়সারউদ্দিন আহমেদ, সৈয়দ সিরাজুল হুদা, মাহফুজুর রহমান (সাবেক বিচারপতি), আব্দুল ওয়াহাব মিয়া ও খাদেমুল ইসলাম চৌধুরীসহ (বর্তমান বিচারপতি) অনেক বিচারপতি জেল পর্যন্ত খেটেছিলেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ত্যাগ তিতীক্ষার কথা সকলের জানা আছে। এটা দেশের গুরুত্বপূর্ণ আন্দোলনে পরিণত হয়েছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ওজায়ের ফারুক ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়রাম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, অ্যাডাভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট বশির আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল হক প্রমুখ।
তবে বিএনপি সমর্থিত কিছু সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন।
অ্যাডভোকেট টি এইচ খান, অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী, হাবিবুল ইসলাম ভূঁইয়া ও খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আদালত অবমাননা করেছে।
