২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ কোনও ইস্যু না পেয়ে নিজেরা খুনোখুনী করে হরতাল ডেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ কোনও ইস্যু না পেয়ে নিজেরা হত্যা ও খুনোখুনী করে হরতাল ডেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রধানমন্ত্রী মঙ্গলবার মঙ্গলবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেতগাঁও ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

তিনি বলেন, তারা হরতালের নামে পেট্রোল ঢেলে নির্মমভাবে সিএনজি চালককে পুড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখলে উন্নয়নের ধরাবাহিকতা অব্যাহত থাকবে। দেশে এখন উন্নয়নের নিরব বিপ্লব হচ্ছে। এ বিপ্লবের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে তিনি আবারও বিএনপি সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিগত পাঁচ বছরের শাসনামলে কোনও উন্নয়নই হয়নি। তারা বড় বড় কথা বলেছে। মামলা করে মানুষকে হয়রানী করেছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সারা দেশে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনও দেশকে ভাল কিছু উপহার দিতে পারেনি। আর জনগণ সুযোগ পেলেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ জাতীয় বেঈমান। এদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না।

তিনি আরও বলেন, অন্যদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ এখন শান্তিতে বসবাস করছে। চাঁদাবাজী বন্ধ হয়েছে। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে। মালয়শিয়া সৌদী আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিনিযোগকারীরা এ দেশে বিনিয়োগ করতে আসছে। এতেই বোঝা যায়, দেশে সুন্দর ও সুষ্ঠু অবস্থা বিরাজ করছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে বিএনপি-জামাত জোট সরকারের আমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এরআগে তিনি লৌগজং এ নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল আলম ফক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তথ্য মন্ত্রী এম. শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সাংসদ আব্দুল হাই প্রমুখ।