২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের অরাজকতা গরিব মানুষের জীবন দু:সহ করে তুলেছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকারের চরম অরাজকতা ও দুর্নীতি-লুটপাট দেশের কৃষকসহ গরীব ও শ্রমজীবী সংখ্যগরিষ্ঠ মানুষের জীবনকে দু:সহ অবস্থায় ঠেলে দিয়েছে। চরম দুর্দিন চলছে কৃষক সমাজের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি বলেন, দেশের কৃষক সমাজ আবারো ভোট দিয়ে আমাদের নির্বাচিত করলে কৃষি ক্ষেত্রে বিরাজমান সংকট নিরসন করে কৃষকদের মর্যাদা পুনরুদ্ধার করবো।

বাংলাদেশ কৃষকলীগের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা মঙ্গলবার সকালে শেখ হাসিনার সঙ্গে তার সুধা সদন বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

নির্দেশনামূলক বক্তব্যে শেখ হাসিনা কৃষক লীগ নেতাদের পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের কৃষিক্ষেত্রে নেয়া পদক্ষেপ ও পাঁচ বছরের সফলতাগুলো আপনারা দেশের কৃষক সমাজের কাছে তুলে ধরুন। কৃষকদের পাশে থেকে অর্থনৈতিক মুক্তির জন্যে কাজ করুন। কৃষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে সংগঠনকে শক্তিশালী করুন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলাম। পাঁচ বছরে আমরা সে ঘাটতি পূরণ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে উদ্বৃত্ত রেখে এসেছিলাম ২৬ লাখ মেট্রিক টন। কিন্তু বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে চরম অরাজকতা ও দুর্নীতি করে খাদ্য উদ্বৃত্ত্বের বাংলাদেশকে আবারো খাদ্য ঘাটতির দেশে পরিনত করেছে। তাদের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা ও নীতিহীনতায় দেশে এখন খাদ্য ঘাটতির পরিমাণ ৩০ লাখ মেট্রিক টন। এমনকি আপদকালিন মজুদের পরিমাণও শূন্যের কোঠায়। 

বিরোধী দলীয় নেতা সরকারের কৃষি নীতির কঠোর সমালোচনা করে বলেন, কৃষি উপকরণের মূল্য অসামঞ্জস্যপূর্ণ ভাবে বৃদ্ধি করে বিএনপি-জামাত জোট দেশের কৃষক সমাজকে ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়েছে। ভর্তুকির কথা ফলাও করে প্রচার করা হলেও তা প্রকৃত কৃষকরা পান না। হাওয়া ভবন ও বিএনপি’র লোকজন ভাগ বাটোয়ারা করে তা খেয়ে ফেলে।

তিনি বলেন, এ দু:সহ অবস্থা থেকে কৃষক ও কৃষিকে রক্ষা করতে হবে। আর কৃষক লীগকে নিতে হবে মূখ্য ভূমিকা। আওয়ামী লীগ সভানেত্রী আগামী দিনে কৃষি ক্ষেত্রে সংকট মোকাবেলায় এখনই কর্মপরিকল্পনা গ্রহণের জন্যে কৃষক লীগ নেতাদের পরামর্শ দেন।  

এ সময় কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, এ্যাডভোকেট রহমত আলী এমপি, আলহাজ্ব রাশেদ মোশাররফ, ড. আব্দুর রাজ্জাক এমপি, হারুন-অর রশিদ হাওলাদার, গৌতম ব্যানার্জী, সাখাওয়াত হোসেন সুইট এবং এমএ করিম উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতা-কর্মীরা সুধা সদনে পৌঁছলে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় তাদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে দিবসের কর্মসূচি উপলক্ষে সকাল ৯ টায় কৃষকলীগ নেতা-কর্মীরা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।