২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কার ছাড়া আওয়ামী লীগ নির্বাচন হতে দেবে না : আলোচনা সভায় ঘোষণা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না, দেশে কোনো নির্বাচন হতেও দেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ ঘোষণা দেন।

ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ নাসিম, ১১ দলের সমন্বয়ক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আখতারুজ্জামান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অসীম কুমার উকিল প্রমুখ আলোচনায় অংশ নেন ।

জিল্লুর রহমান তার বক্তব্যে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, বিএনপি-জামাত জোট এমন কুকর্ম নেই, যা করছে না। গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে নৃশংস হত্যাকাণ্ডের কোনও বিচার হচ্ছে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা ও বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোই তাদের মূল লক্ষ্য।

জিল্লুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার ছাড়া আওয়ামী লীগ কোনো অবস্থাতেই নির্বাচন করবে না। নির্বাচন হতেও দেবে না।

আমির হোসেন আমু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের ব্যাপারে আওয়ামী লীগের দাবি আপনাকে মানতেই হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে পরবর্তী সংসদেই সংবিধান সংশোধন করে আবারো নির্বাচন দিতে বাধ্য করা হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের অর্থ বোঝেন নি। তিনি বলেন, সংবিধান পরিবর্তনযোগ্য। উন্নয়ন ও দেশের বৃহত্তর স্বার্থে সংবিধান সংস্কার করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘পতন্মোমুখ ব্যক্তির বেসামাল উক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতি সত্বর ক্ষমতা থেকে বিতাড়িত হবে বুঝতে পেরে, দেশ যেন পরবর্তীতে সাহায্য থেকে বঞ্চিত হয়, সেজন্যে প্রধানমন্ত্রী ও তার অর্থমন্ত্রী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।এই অপরাধে তাদের গ্রেফতার করে বিচার করা হোক।

মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগ নয়, কোটি কোটি বাঙালির সম্পদ। তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার বিষয়ে তিনি বলেন, বেগম জিয়া অবশ্যই এ দাবি বুঝবেন এবং মানবেন। কারণ আমরা তাকে এটা বুঝিয়ে ছাড়বো।

নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আজ রাজাকার-আল বদররা স্বাধীন দেশের পতাকা উড়িয়ে শাসন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ওই দুর্বৃত্তদের কবল থেকে আমরা দেশ-জাতিকে মুক্ত করবোই।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।