ফরিদপুরে একই স্থানে আ.লীগ--বিএনপির সভা আহ্বান, ১৪৪ ধারা জারি, এক পক্ষের সভা অনুষ্ঠিত
একই স্থানে সোমবার আওয়ামী লীগ--বিএনপির পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এর ২০০ গজ দূরে সভা করেছে জেলা আওয়ামী লীগ। তবে বিএনপি কোনও সভা করেনি।
এর আগে ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ১৪৪ ধার জারি করে।
আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সভাস্থলে বিএনপির পক্ষ থেকে সভা ঘোষণা এবং পরবর্তীতে প্রশাসন কতৃক ১৪৪ ধারা জারি করায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত সভা বানচাল করতে বিএনপি একই স্থানে পরিকল্পিতভাবে সভা আহ্বান করে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করায়।
প্রসঙ্গত, প্রবীণ শিক্ষাবিদ কাজী জয়নুল আবেদীন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়েছিল।
এদিকে আওয়ামী লীগের নির্ধারিত সভাস্থলে বিএনপির ইউনিয়ন শাখার পক্ষ থেকে সভা আহ্বান করার কথা অস্বীকার করেছে জেলা বিএনপি।
