ভোটার তালিকা প্রণয়ণের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি বৃহস্পতিবার
নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশন সচিবায়লয়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দানের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সরকার সময় চেয়ে আবেদন জানালে মঙ্গলবার বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাইল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবারের পরিবর্তে শুনানির তারিখ বৃহস্পতিবার ধার্য করেন।
সরকারের পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান শুনানির প্রস্তুতির জন্য সময় চেয়ে আবেদন জানান।
আওয়ামী লীগের তিনজন নেতা আব্দুল জলিল এমপি, অ্যাড. রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি এ পৃথক রিট আবেদনগুলো দায়ের করেন।
রিট আবেদনে তারা অপর দুই নির্বাচন কমিশনারের মতামত না নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের একতরফা সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা প্রণয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করেন এবং রাজনৈতিক বিবেচনায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিন লাখ লোককে নিয়োগ দানের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।
