জোট সরকার আলোচনার নামে ভাওতাবাজির আশ্রয় নিচ্ছে: সিলেটে আব্দুল জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, জোট সরকার আলোচনার নামে ভাওতাবাজির আশ্রয় নিচ্ছে। একদিকে বিরোধী দলের নেতা--কর্মীদের ‘ষড়যন্ত্র ও মিথ্যা’ মামলায় জড়িয়ে হয়রানী করছে। অন্যদিকে আলোচনার কথা বলে সময়ক্ষেপন করতে চাচ্ছে।
শনিবার সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি সিলেটসহ ছয়টি বিভাগে ১৪ দলের ছয়টি মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, দলের কারাবন্দি রাজনৈতিক নেতা--কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সরকারের সঙ্গে কোনও আলোচনা নয়।
নগরীর ধোপাদীঘির পারে হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেওয়ান ফরিদ গাজী এমপি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সুলতান মুহাম্মদ মনসুর, আব্দুর রহমান ও সিলেট জেলা শাখার সভাপতি আনম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম বক্তব্য রাখেন।
