দেশের বেশির ভাগ মানুষ তাদের জীবনযাত্রা নিয়ে তৃপ্ত
বিবিসি পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশী হিসেবে নিজেদের বর্তমান জীবনযাত্রা নিয়ে তৃপ্ত। তারা পরিবার কেন্দ্রীক ও ধার্মিক এবং তাদের দেশ নিয়ে তারা গর্বিত।
২০০৫ সালের আগস্টে বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত এক সমীক্ষায় আরও দেখা যায়, ৭৪ শতাংশ বাংলাদেশী তাদের বর্তমান জীবন নিয়ে খুশী। ৯৭ শতাংশ বাংলাদেশীর কাছে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ এবং ৭২ শতাংশের কাছে পরিবারের প্রিয়জনের সাথে সময় কাটানো সবচেয়ে প্রিয় অবসর বিনোদন।
আবার, ৬৯ শতাংশ ধর্মীয় অথবা অন্য কোনো পরিচিতির চেয়ে বাংলাদেশী হিসেবেই পরিচিত হতে চান।
এ জরিপে আরো দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের কাছে প্রিয় ব্যক্তিত্ব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং নবী হযরত মোহাম্মদ।
এ জরিপের উদ্দেশ্য ছিলো বাংলাদেশীরা নিজেদের দেশ, নিজেদের সম্পর্কে কী ভাবে, দেশের উন্নয়ন এবং বাকি বিশ্ব সম্পর্কে তাদের ভাবনা এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের অগ্রাধিকারগুলো কি তা বুঝা।
এ জরিপে সাধারণ বাংলাদেশীদের উদ্বেগও প্রকাশ পেয়েছে। ৪৫ শতাংশ মনে করেন, জাতীয় সমস্যার মধ্যে বেকারত্ব প্রথম, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দ্বিতীয় এবং পরিবহন ব্যবস্থা তৃতীয়।
জরিপে বাঙালী জনগনের সরকারের কাজ সম্পর্কে অভিমত পাওয়া যায়। অর্ধেকের বেশি মানুষের মতামত সরকার তিনটি ক্ষেত্রে ভাল কাজ করছে। এগুলো হলো শিক্ষা (৬৫%), নারী ও পুরুষের সমতা বিধান (৫৬%), বিশুদ্ধ পানি সরবরাহ (৫৬%)।
সরকারের সবচেয়ে ব্যর্থতা হিসেবে জনগনের মতামত দুর্নীতি দমন (২৯%), বিদ্যুৎ সরবরাহ (২৮%), জমির মালিকানা নির্ধারণ (২৮%), রাজনৈতিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে স্থান দেওয়া (২৩%)।
মাত্র ১৭ শতাংশ জনগন পুলিশের সেবা প্রদান সম্পর্কে মত পোষন করে, তারা সব বাংলাদেশীদের সমানভাবে সেবাপ্রদান করে। পুলিশের ওপর মানুষের আস্থা কম হলেও ধর্মীয় নেতাদের ওপর আস্থা ৭০ শতাংশ জনগনের। বুদ্ধিজীবীদের ওপর আস্থা ৬২ মতাংশ জনগনের। ১১ শতাংশ জনগন এনজিও এর ওপর আস্থা প্রকাশ করে। যেখানে পুলিশের ওপর আস্থা প্রকাশ রাখে নয় শতাংশ জনগন।
জরিপে আরো প্রকাশ পেয়েছে, ৬০ শতাংশ জনগন মনে করে, দেশের অর্থনীতির উন্নতি হবে। আবার ৮৩ শতাংশ জনগন মনে করে, রাজনীতিবিদরা নির্বাচনের সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চায়।
