সার্চ কমিটির সুপারিশ জনগণ ‘প্রত্যাখ্যান করবে’: ফখরুল
নতুন ইসি নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির সুপারিশ জনগণ ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “এটা স্পষ্ট যে, এই অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে, তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছু নয়।
“এই ধরনের তামাশা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। গত এক দশকে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। এটা একটা বড় অপরাধ। এর জন্য ভবিষ্যতে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এবারের সংলাপে বিএনপি যায়নি। ইসি নিয়োগের বিষয়ে সংসদে আইন পাস হওয়ার পর বিএনপি নেতারা তা প্রত্যাখ্যান করার কথা বলেছেন। সেই আইনে সার্চ কমিটি গঠনের পর বিএনপি বলেছিল, এ কমিটি নিয়ে তাদের কোনো ‘আগ্রহ নেই’।
নতুন সিইসি ও নির্বাচন কমিশনার খুঁজতে গঠিত এ সার্চ কমিটির সদস্যরা গত রোববার প্রথম বৈঠকে বসেন। তাদের সিদ্ধান্তে পরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কছে নামের প্রস্তাব চেয়ে গণবিজ্ঞপ্তি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই সার্চ কমিটিতে নাম দেওয়া ‘অর্থহীন’, কারণ তাদের বিশ্বাস, সার্চ কমিটি সরকারের ‘মর্জি মতই’ নাম প্রস্তাব করবে।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই সার্চ কমিটির অপর সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বিএনপির স্থায়ী কমিটি মনে করে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে অনুসন্ধান কমিটি এবং তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কোনো ক্রমেই গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না বিধায় বিএনপি গঠিত অনুসন্ধান কমিটির বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না। বিএনপি মনে করে, এই প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন এবং অগ্রহণযোগ্য।
“বিএনপি মনে করে, কেবল নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরণ সম্ভব।”
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এই বৈঠক হয়। লন্ডনে অবস্থানরত তারেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের সমন্বয়ে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে, তারা প্রায় সকলেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ‘আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত’।
“আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধবংস করে ফেলেছে। আপনি দেখেন নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হচ্ছে তা নয়, তারা চুরি করছে, দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে। এটা অবিশ্বাস্য।
“তারা (ইসি) ইভিএম কিনছে ১১ গুন বেশি দাম দিয়ে ভারত থেকে। এরকম একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি করে, যেটা আমি বার বার বলার চেষ্টা করেছি যে, বাংলাদেশের যে আত্মা, ১৯৭১ সালে যুদ্ধ করেছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাব, একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করবে, এখানে বিকাশ ঘটবে গণতান্ত্রিক সংস্কৃতির- সব কিছুকে ওরা ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের স্পষ্ট কথা, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কী করা উচিত প্রশ্ন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এজন্য এই সরকারকে বিদায় নিতে হবে, এই সংসদ বাতিল করতে হবে। তারপরে নতুন সরকার আসবে। তারা অবশ্যই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে গড়ে তুলবে। সমাধান আছে, দেশে ভালো লোক আছে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত ছিলেন।
