বঙ্গবন্ধু স্মরণে ভারতের যুবনেতারা
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এই উপমহাদেশের রাজনীতির ইতিহাস ভিন্নভাবে লেখা হত বলে মনে করেন ভারতের যুব নেতারা।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের নেতারা এমন মন্তব্য করেন।
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর)’ বুধবার রাতে এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব মোর্চার সাবেক জাতীয় সম্পাদক ও বর্তমান মুখপাত্র সৌরভ শিকদার বলেন, “দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বতস্ফূর্ত জননেতা হতে পেরেছিলেন এবং সর্বসাধারণ একাগ্রচিত্তে তাকে নেতা হিসাবে মেনে নিয়েছিল।
“ইদানিং দেখছি, বাংলাদেশে একটা গোষ্ঠী কর্তৃক বঙ্গবন্ধুকে উপেক্ষা করার প্রবণতা শুরু হয়েছে। কিন্তু জন্ম পরিচয় ছাড়া যেমন কারও পরিচয় হয় না; তেমনি বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মানচিত্রে আলোচনার কোনো মানে হয় না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক শব্দ।”
পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রেয়া হালদার আলোচনায় অংশ নিয়ে বলেন, “বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে একথা কথা বলতে হয় যে, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তাভাবনা ছিলো, ধর্ম নিরপেক্ষতা, তার সাথে সমাজতান্ত্রিক চিন্তা-ভাবনা, এবং তার মধ্যে বাঙ্গালী জাতীয়তাবাদ যেটাকে মুজিববাদ বলে আমরা জানি। সেই জায়গাটা সকল বাঙ্গালী জাতিকে উৎসাহিত করে। এবং তার যে চিন্তা-ভাবনা ছিলো সেগুলো আমাদের বর্তমান প্রজন্মকে লালন ও অনুসরণ করা উচিৎ।
“কেননা সেই চিন্তা-ভাবনার মধ্যেই আমরা সামাজিক সহাবস্থান, সামাজিক সংগতি, সামাজিক একতাবোধ আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে।”
তৃণমূল কংগ্রেস সমর্থক যুবনেতা বিজন সরকার বলেন, “১৯৪৭ সালে কাঁটাতারের বেড়া ভারতের সাথে তৎকালীন পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশকে বিভেদ করেছিল। শুধু একটা কাঁটাতার ভারত আর আজকের বাংলাদেশ এর ভৌগোলিক ভাগ হতে পারে, কিন্তু আমরা বিশ্ব বাংলায় একাত্মবোধ অনুভব করি বাংলাদেশের সাথে। বঙ্গবন্ধু শুধু নেতৃত্ব দেয়নি, স্বাধীনতা এনে দিয়েছিল। আর এই স্বাধীনতায় বন্ধু দেশ হিসেবে পাশে ছিলো ভারত ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাই ভারত আর বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে।”
ভারতের তফসিল ফেডারেশনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় মল্লিক বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। এটা গোটা পৃথিবীতে বাঙালি জাতি হিসেবে আমাদের গর্বের বিষয়।”
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা থেকে ওয়েবিনারে অংশ নিয়ে রাজ্য বিজেপির যুবনেতা চন্দন দেবনাথ বলেন, “যদিও বঙ্গবন্ধুর নামের আগে বঙ্গ কথাটি যুক্ত তবুও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নয়, ভারতেরও বন্ধু।”
দুই দেশে বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি চর্চা হওয়া উচিত বলে মনে করে এই যুব নেতা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিটা রাজনৈতিক নেতার কাছে শিক্ষণীয়। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সব দেশের নেতাদের চর্চা করা উচিৎ।”
‘ভারতের তরুণ রাজনীতিকদের চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এই ওয়েবিনারে প্রবন্ধ পাঠ করেন-সিবিআইআার এর গবেষক আশরাফুল ইসলাম। প্রবন্ধে রাজনীতির ঐতিহাসিক পরম্পরার কথা তুলে ধরে তিনি সমকালীন রাজনীতির মাঠে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি।
