জিয়ার মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘প্রধান কুশীলব’ হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করার দাবি জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র ও ডিজিটাল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এই দাবি করেন।
মুরাদ হাসান বলেন, “বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, কুশীলব এবং হত্যার বেনিফিশিয়ারি; পরবর্তীতে যিনি সেনা প্রধান হয়েছেন, সামরিক শাসক হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।”
যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল, বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহ্মুদ। তথ্য সচিব মকবুল হোসেন, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
