২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2021, 05:15 PM

Updated : 10 Oct 2022, 05:40 PM

৮০ বছর বয়সী এই রাজনীতিকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।

গত ৩০ ডিসেম্বর মওদুদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তার সহকারী।

সুজন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারের রক্তের হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ায় গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হসপিটালে ভর্তি হন।

“আজকে উনার অবস্থা ভালো। রক্তে হিমোগ্লোবিনের অবস্থাও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলেছেন, ২/১ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন।”

হাসপাতালে ভর্তির পর মওদুদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়েছিল জানিয়ে সুজন বলেন, তাতে ফল ‘নেগেটিভ’ এসেছে।

এইচ এম এরশাদের সরকারে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারে আইনমন্ত্রী হয়েছিলেন।

মওদুদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ পল্লীকবি হিসেবে খ্যাত কবি জসীম উদদীনের মেয়ে।