হানাদারদের মতো সরানো হবে আ. লীগকে: ফখরুল
পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমে এদেরকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।
বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের ইতিহাস বলে, মানব সভ্যতার ইতিহাস বলে কিছু দিনের জন্য এভাবে অন্যায়-অবিচার, দুর্নীতি-দমন নীতি চালিয়ে ক্ষমতায় থাকা যায়, তবে চিরকালের জন্য থাকা যায় না।
“ইনশাল্লাহ, অতীতে যেভাবে স্বৈরাচারকে পরাজিত করা হয়েছে, অতীতে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আজকে যারা হানাদার বাহিনী, আজকে যারা দখলদার বাহিনী এই আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, দেশনেত্রীকে মুক্ত করা হবে- আজকে এই বিজয় দিবসের আলোচনায় এই হোক আমাদের শপথ।”
দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আটক থাকার পেছনে ‘বিরাজনীতিকরণের ষড়যন্ত্র’ রয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা- এটা নিছক আটক করে রাখা নয়। এর পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রটি হচ্ছে যে, বাংলাদেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র। দেশে এখন মানুষের রাজনৈতিক অধিকার নেই।
“কারণ তাকে (খালেদা জিয়া) যদি বাইরে রাখে তাহলে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে তারা দেশনেত্রীকে আটক করে রেখেছে।”
“যে দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের সকল জনগণের অর্থনৈতিক মুক্তি হওয়ার কথা ছিল, সেই অর্থনৈতিক মুক্তির পরিবর্তে আজকে বাংলাদেশে লুটেরা অর্থনীতি কায়েম করে, শোষণের অর্থনীতি কায়েম করে এদেশের সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে।”
দলে ‘শৃঙ্খলা নেই’
তিনি বলেন, “আজকে বক্তার সংখ্যা অনেক। আমাদের প্রবীন নেতারা বলছিলেন, আমাদের জুনিয়র নেতারা প্রতিযোগিতা করে সমানে বক্তৃতা দিলেন, এখন সিনিয়র নেতারা বক্তৃতা দেওয়ার সময় পাচ্ছেন না। গতকাল আমরা একটা পরীক্ষা করেছিলাম নয়া পল্টনে। আমি, মহাসচিব, গয়েশ্বর রায়, মোশাররফ হোসেন সাহেব সব স্ট্যান্ডিং কমিটির সদস্যরা একটা পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষায়ও আমাদের জুনিয়র নেতৃবৃন্দ ফেইল করেছেন। খেয়াল করেছেন নিশ্চয় গতকাল ট্রাকের উপরে ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমরা নিচে দাঁড়িয়ে আছি।”
এই অবস্থা চলতে থাকলে বিএনপি কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারবে না বলে সতর্ক করেন মির্জা আব্বাস।
তিনি বলেন, “বেয়াদবির একটা সীমা থাকা দরকার। এই দলে এই ধরনের বেয়াদবি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, নিয়ম-কানুন না মানা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো আন্দোলন করতে পারবেন না। নিয়ম-শৃঙ্খলার মধ্যে দলটাকে আনতে হবে।
“আমি সকলকে বলব, যদি আমরা দেশনেত্রীকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, রাজপথে আমরা যদি সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে না পারি তাহলে কখনোই আমরা এখানে প্যাঁচাল পাড়তে পারব, ছোট ঘরে লম্বা কথা বলতে পারব কিন্তু লম্বা কাজ করতে পারব না।”
ভারতের এনআরসি ও হিন্দু সম্পত্তি
তিনি বলেন, “সরকার বলছে যে, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, গঙ্গার পানি দেবে না- সেটাও ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তিস্তার পানি দেবে না- সেটাও তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, দেশ দুটি বিভক্ত এটা পাকিস্তানের ব্যাপার।
“সুতরাং সব বিষয় অভ্যন্তরীণ ব্যাপার হয় না। কোনো দেশের কোনো সিদ্ধান্ত যদি অপর দেশকে আঘাত করে, তার জাতীয় স্বার্থহানি করে, তার জাতীয় স্বার্থ আঘাত করে তখন সেটা অভ্যন্তরীণ ব্যাপার বলে ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে না।”
গয়েশ্বর বলেন, “আজকে ভারতবর্ষে যে আন্দোলন হচ্ছে জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষ, দলমত নির্বিশেষ, সেটা মুসলমানরা এনআরসির বিরুদ্ধে শুধু আন্দোলন করছে তা তো নয়। সেই কারণে বাংলাদেশের সুস্পষ্টভাবে এর প্রতিবাদ করতে হয়, কিন্তু আমরা করছি না।
“ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে। তার বক্তব্য পড়ে আমি বিভ্রান্ত, তিনি কি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী? তার বক্তব্য ছিল, পরিষ্কারভাবে আওয়ামী লীগ যে সকল কথা বিএনপির বিরুদ্ধে বলে সেই সকল কথাই তিনি ভারতের পার্লামেন্টে প্রয়োগ করেছেন।”
মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ- প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অঙ্গসংগঠনের কাজী আবুল বাশার, এজিএম শামসুল হক, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া, সুলতানা আহমেদ, ফজলুল রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
